নিহত দম্পতির দাফন খুনিরা ধরা না পড়ায় আতঙ্কে সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসের লাশ গতকাল শুক্রবার তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে দাফন করা হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফনের আগে বিকেলে ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। দাফন শেষে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বুধবার স্থানীয় বখাটে যুবক রুবেলসহ দুই যুবক বাসায় ঢুকে গুলি করে হত্যা করে সাদেক দম্পতিকে। গতকাল পর্যন্ত পুলিশ খুনিদের ধরতে পারেনি। খুনিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে আছেন নিহত সাদেকুর রহমানের পরিবারের সদস্যরা। ধরা পড়েনি হত্যা মামলার নয় আসামির কেউই। ঘাতক রুবেলের বাবা-মাসহ স্বজনেরা গা-ঢাকা দিয়েছেন। গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ তিন দিন ধরেই বলছে ‘চেষ্টা চলছে।’ নিহত সাদেকুর রহমানের ছেলে শিহাব প্রথম আলোকে বলেন, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বোনদের রেখে তিনি মালয়েশিয়া ফিরে যেতেও পারবেন না। সেখানে তাঁর জীবিকার প্রশ্ন।পুলিশের গুলশান অঞ্চলের উপকমিশনার হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, খুনিদের ধরতে আধুনিক যোগাযোগ প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। তিনি জানান, ওই দিন তিনটি গুলি ছোড়া হয়েছে। একটি গুলি পাওয়া গেছে, যা বিস্ফোরিত হয়নি। সাদেকের দেহে একটি ও তাঁর স্ত্রীর দেহে দুটি গুলি লেগেছে। আকৃতি দেখে মনে হয়েছে এগুলো পিস্তলের গুলি। তবে গুলির শব্দ শুনেছেন এমন কাউকে পাওয়া যায়নি।মামলাটির তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক এ এস এম সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, খুনিদের ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তাঁদের আত্মীয়স্বজন সবাই বাড়ি থেকে পালিয়েছেন।খুনিদের ধরতে চেষ্টা চালাচ্ছে র‌্যাবও। র‌্যাব-১-এ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, খুনিদের ধরতে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। তিনি জানান, তাঁরা আনুষঙ্গিক কাজ শেষ করেছেন। মাঠে গোয়েন্দা পাঠানো হয়েছে।গতকাল দুপুরেও রুবেলদের নর্দ্দার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। বাড়ি তালাবদ্ধ, তাঁর দুই চাচার পরিবারও বাড়িতে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছে বলে জানান ভাড়াটেরা। রুবেলের বাবা আবুল কাশেমের রিকশা গ্যারেজে গিয়ে সেখানেও কাউকে পাওয়া যায়নি। তিন দিন ধরে গ্যারেজ থেকে কোনো রিকশা ভাড়া দেওয়া হচ্ছে না। গ্যারেজের ব্যবস্থাপক ওহিদ ও মিস্ত্রি রতন গা-ঢাকা দেওয়ায় রিকশাগুলো কেউ ভাড়া নিতে পারছেন না।কালাচাঁদপুরে প্রথম জানাজা: নিহত সাদেক দম্পতির জাপানপ্রবাসী বড় মেয়ের প্রতীক্ষায় ছিলেন স্বজনেরা। শুক্রবার ভোরে তিনি ঢাকার বাসায় পৌঁছালে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গত বৃহস্পতিবার সাদেকের ছেলে শিহাব মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। শেষ দেখার জন্য সাদেক দম্পতির মরদেহ বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছিল। গতকাল সকালে তাঁদের মরদেহ প্রথমে কালাচাঁদপুর হাইস্কুল ও কলেজের মাঠে আনা হয়। সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়।লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি জানান, স্কুল মাঠে জানাজার আগে শিহাবুর রহমান বলেন, ‘কয়েক দিনের মধ্যেই মালয়েশিয়ায় মা-বাবার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু আজ মা-বাবাকে দেখছি, কিন্তু মৃত। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ফাঁসি দিলে অন্তত সান্ত্বনা পাব আমরা ভাই-বোনেরা।’ বাড়িতে গিয়ে দেখা যায়, সাদেকের তিন মেয়ে শুধু কাঁদছেন। সাদেকের মা মনিফা খাতুন (৯০) ছেলে ও ছেলের বউকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন। নিহত সাদেকের চাচাতো ভাই আরমান হোসেন বলেন, ‘পুরো গ্রামবাসী আজ শোকাহত।’নিন্দা-ক্ষোভ: খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নার্সারি ব্যবসায়ী সমিতি ও কালাচাঁদপুর এলাকাবাসী। খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল কালাচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সারির মালিকেরা। লন্ড্রিতে সাদেক দম্পতির কাপড়: কালাচাঁদপুরে জিপি ক ৫৪/৪ নম্বর বাসার সামনেই ছোটনের লন্ড্রির দোকান। লন্ড্রি মালিক ছোটন প্রথম আলোকে বলেন, ‘বুধবার সকালে আন্টি (রোমানা) আইছিল কাপড় নিতে। আঙ্কেলের (সাদেক) দুটা শার্ট, একটা প্যান্ট আর আন্টির একটা শাড়ি। আঙ্কেল বাইরে যাবে। আমি কইলাম, আন্টি কারেন্ট নাই, একটু পরে আসেন রেডি কইরা দিতাছি।’ ছোটন বলেন, ‘এখন তো কাপড় রেডি। কিন্তু আন্টি তো আর আইব না।’