নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সুদক্ষীরা এলাকায় গুলিতে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন—সাভারের পূর্ব রাজাসন এলাকার শাওন ( ৩০) ও সাভারের আক্রাইন এলাকার শামীম (২৮)। আজ বুধবার সকালে পত্রিকায় প্রকাশিত খবর দেখে নিহত ব্যক্তিদের স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।এ ঘটনায় জিসান নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।গতকাল বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে এক যুবকের লাশ মাটির রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। আরেক যুবকের লাশ প্রায় পাঁচ গজ দূরে রাস্তার ঢালে পড়ে ছিল।স্থানীয় ব্যক্তিদের দাবি, দুই মোটরসাইকেলে ছয় যুবক জনবসতিহীন ধলেশ্বরী নদীর তীরে ওই এলাকায় যান। কিছুক্ষণ পর সেখানে গুলির শব্দ শোনা যায়। পরে চারজনকে মোটরসাইকেলে দ্রুত সাভারের দিকে চলে যেতে দেখা যায়। ঘণ্টা খানেকের মধ্যে লোকজন গিয়ে দুজনের লাশ পড়ে থাকতে দেখে। এদিকে এ ঘটনায় গতকাল রাতে সিঙ্গাইর থানার উপপরিদর্শক মো. শাহজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহত ব্যক্তিদের ও আসামিদের অজ্ঞাত দেখানো হয়।নিহত যুবকদের স্বজনদের বক্তব্যপ্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাওনের ছোটভাই সজলের দেওয়া ভাষ্য, গতকাল বেলা ১১টার দিকে রাজাসন পলো মার্কেটের সামনে একটি গ্যারেজে বসে শাওন, শামীম ও জিসান চা পান করেন। ওই সময় রাজ নামের তাঁদের আরেক বন্ধু সেখানে গিয়ে মোটরসাইকেলে করে শামীম ও শাওনকে নিয়ে যান। এরপর সাভারের মজিদপুর এলাকায় এই তিনজনের সঙ্গে নজরুল নামের তাঁদের আরেক বন্ধুকে একসঙ্গে দেখা গেছে। এরপর শামীম ও শাওনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ পত্রিকায় খবর পড়ে তাঁরা এ খুনের কথা জানতে পারেন। এরপর সিঙ্গাইর থানায় গিয়ে তিনি ও তাঁর আরেক ভাই সেলিম লাশ শনাক্ত করেন। সজল জানান, নজরুলকে মাস তিনেক আগে র‌্যাব গ্রেপ্তার করে। এ সময় নজরুলের মোটরসাইকেলটি শাওন ব্যবহার করে। সপ্তাহ খানেক আগে কারাগার থেকে ছাড়া পান নজরুল। এর পর মোটরসাইকেল নিয়ে শাওন ও নজরুলের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। শামীমের লাশ শনাক্ত করেন তাঁর মামা জহিরুল ইসলাম। পুলিশের বক্তব্যসিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিহত এবং খুনীদের সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এখন নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে গতকালের মামলার সঙ্গে তা যুক্ত করা হবে। সাভার থানার ওসি আসাদুজ্জামান জানান, শামীম ও শাওন চিহ্নিত সন্ত্রাসী। তাঁরা ছিনতাই ও হত্যাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলাও রয়েছে। তবে শাওনের দুই ভাই দাবি করেন, বিভিন্ন সময় শাওন ও শামীম কারাভোগ করেছেন । তাঁরা আগে খারাপ ছিলেন। পাঁচ-ছয় মাস আগে সব ছেড়ে দিয়েছেন। শাওন পরে মুদি দোকান চালাচ্ছিলেন জহিরুল জানান, সাভার বাসস্ট্যান্ডে তাঁর ইলেকট্রনিকসের দোকানে শামীম কাজ করতেন।