নিহত নাদিয়ার স্বামী শফিকুর তিন দিনের রিমান্ডে
গৃহবধূ কামরুন্নাহার নাদিয়া (৩২) হত্যা ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁর স্বামী শফিকুর রহমান ওরফে রেজা শিকদারকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশ আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।২৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর রমনা পার্কসংলগ্ন সড়ক ভবনের সামনে একটি গাড়ি থেকে নাদিয়ার লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাদিয়ার স্বামী শফিকুর রহমান ও গাড়িচালক রবিউল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।নাদিয়ার স্বজনেরা জানান, গত বছরের অক্টোবরে শফিকুর ও নাদিয়ার বিয়ে হয়। নাদিয়া শফিকুরের তৃতীয় স্ত্রী। তাঁরা দুজনই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য শাখায় আইন বিষয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয় ও বিয়ে। তাঁরা বরিশালের কাউনিয়ায় নাদিয়ার বাবার বাড়িতে থাকতেন। প্রতি সপ্তাহে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করতেন।গত বৃহস্পতিবার ঢাকায় এসে তাঁরা দুজন বাসাবোয় নাদিয়ার ভাইয়ের বাসায় ওঠেন। ধানমন্ডির রায়েরবাগে শফিকুরের মা ও ভাই থাকেন। শুক্রবার তাঁরা সেখানে যান। এর পর থেকেই নাদিয়ার মোবাইল ফোন বন্ধ ছিল।অভিযুক্ত শফিকুর বলেন, অসুস্থ হলে ওই দিন সকালে নাদিয়ার মৃত্যু হয়।