নিহত বেড়ে ৯২, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এদিকে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ভোরে হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে ছয়তলা ভবনের ওপরের তলাগুলোর বিভিন্ন ওয়ার্ডে। এতে অগ্নিদগ্ধ ও ধোঁয়ার বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান ৮৯ জন। পরে উদ্ধার করা রোগীদের মধ্যে গতকাল ও আজ আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতাল ভবনের পুরোটাই শীতাতপনিয়ন্ত্রিত হওয়ায় ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বের হতে না পারায় নিহতের সংখ্যা বেড়ে যায় বলে অনুমান করা হচ্ছে।গতকাল শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এতগুলো মানুষের মৃত্যু হলো। কিন্তু কী করে এই ঘটনা ঘটল তা জানা দরকার। পুলিশ ও দমকল বাহিনী যে তদন্ত চালাচ্ছে, তার পাশাপাশি চলবে বিচার বিভাগীয় তদন্ত।’ তবে হাসপাতালের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।এদিকে হাসপাতালে আগুনের ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশের হেফাজতে নেওয়া সাত পরিচালকের মধ্যে ছয়জনকে শনিবার আলিপুর আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তাঁদের ১০ দিন করে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। অন্য এক পরিচালক হাসপাতালে চিকিত্সাধীন থাকায় তাঁকে আদালতে হাজির করা হয়নি। এ দিন আদালতে মুহুরি অ্যাসোসিয়েশনের বিক্ষোভের কারণে কেউই হাসপাতালের পরিচালকদের হয়ে আদালতে জামিনের আবেদন করতে পারেননি। আলিপুর ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের কেউই অভিযুক্তদের হয়ে আদালতে দাঁড়াবেন না এবং কাউকে দাঁড়াতেও দেওয়া হবে না। অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগুন বা গরম ধোঁঁয়া রুখতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ডাম্পার, স্মোক ডিটেক্টর ও স্বয়ংক্রিয় স্প্রিংকলার কাজ করেনি। এদিকে হাসপাতালের সামনে গতকাল রাতে স্থানীয় লোকজন একটি বেদি তৈরি করে সেখানে মোম জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন।