নিহত সানাউল্লাহর বাড়িতে খালেদা জিয়া
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূরের স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি সানাউল্লাহ নূরের বনপাড়ার বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান। খালেদা জিয়া ১৫ মিনিট সেখানে অবস্থান করেন। এ সময় তিনি সানাউল্লাহ নূরের স্ত্রী, তিন কন্যাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর তাঁর কাছে স্বামীর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। মহুয়া বলেন, ‘আমাদের বসবাসের জন্য এক শতাংশ জমিও নেই। রাজনীতি ছাড়া আমার স্বামী কিছুই বুঝতেন না। তিনি আদর্শ ছাড়া কিছুই রেখে যাননি।’ জবাবে খালেদা জিয়া বলেন, ‘এ সরকার তোমার স্বামীর বিচার করবে কি না জানি না। তবে বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে প্রচলিত আইনে সানাউল্লাহর হত্যার বিচার করা হবে।’ এদিকে সানাউল্লাহ নূরের স্মরণে আয়োজিত শোকসভায় খালেদা জিয়া বলেন, ‘আমরা একের পর এক জানাজায় শরিক হতে চাই না, আমরা শোকসভাও করতে চাই না। আমরা ঐক্যবদ্ধ হয়ে সানাউল্লাহ নূরসহ সব খুনের বদলা নিতে চাই। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা অবশ্যই এসব হত্যার বিচার করব।’ আজ সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের শোকসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস তালুকদার।