নিহত সিআইএ কর্মকর্তাদের জন্য ওবামার শোকবার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে একটি মার্কিন গোয়েন্দা ঘাঁটির প্রধানসহ সাতজন সিআইএ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে তিনি একটি শোকবার্তাও পাঠিয়েছেন। শোকবার্তায় বারাক ওবামা নিহত কর্মকর্তাদের কাজের প্রশংসা করেছেন। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁরা দেশ প্রেমিক এবং দেশের অন্য নাগরিকদের কল্যাণেই নিজেদের জীবন উত্সর্গ করেছেন।ওবামা আরও বলেন, সিআইএ কর্মকর্তারা জীবনে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন এবং তাঁদের এই ত্যাগ অনেক সময়ই অন্য নাগরিক, বন্ধু, এমনকি তাঁদের পরিবারের কাছেও অজানা থাকে।সিআইএ পরিচালক লিয়ন পেনেতা জানান, গত বুধবারের ওই হামলায় আরও ছয়জন সিআইএ কর্মকর্তা আহত হন।পেনেতা আরও বলেন, ‘নিহত ব্যক্তিরা নিজেদের বাড়ি থেকে দূরে শত্রুদের কাছাকাছি ছিলেন। তাঁরা আমাদের দেশকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করার জন্য কাজ করছিলেন। আমরা তাঁদের প্রতি আমাদের অন্তরের গভীরতম কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই যে কারণে তাঁরা তাঁদের জীবন উত্সর্গ করেছেন, সেই “নিরাপদ আমেরিকা” প্রতিষ্ঠা করার লড়াই আমরা কখনোই থামাব না।’সাবেক সিআইএ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এপি জানায়, ঘটনাস্থল খোস্ত পাকিস্তানের সীমান্তবর্তী গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকার কাছে হওয়ায় সিআইএ-প্রধান সেখানে গোয়েন্দা অভিযান পরিচালনার করার চিন্তা করছিলেন।সিআইএ জানায়, অভিযানটির সংবেদনশীলতার কারণেই নিহত কর্মকর্তাদের নাম ও তাঁদের দায়িত্ব সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।গত বুধবার আফগানিস্তানের খোস্তে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন গোয়েন্দা নিহত হওয়ায় ভার্জিনিয়ার ল্যাংলিতে সিআইএয়ের সদর দপ্তরে মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হয়।১৯৮৩ সালে বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলার পর সিআইএ কর্মকর্তাদের ওপর এটি ছিল সবচেয়ে মারাত্মক হামলা। বিবিসি।