নিহত সেই পাঁচ বাংলাদেশির দাফন সম্পন্ন
মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত পাঁচজনের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নে গ্রামের বাড়িতে তাঁদের দাফন করা হয়।আজ বাদ জুমা নিহতদের ওই জানাজায় পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর ও নবীনগরের একাংশ) থেকে নির্বাচিত সাংসদ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত মহাজোটের সাংসদ শাহ জিকরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজার আগে প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতি পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হবে বলে জানান।ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর এক মাসের বেতন নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করেন।এর আগে ভোর পাঁচটার দিকে নিহত পাঁচ বাংলাদেশির লাশ দেশে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহতদের কফিন। নানা প্রক্রিয়া শেষ করার পর সকাল সাড়ে আটটার দিকে এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, স্বজনদের কাছে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। লাশ দাফনের জন্য জনপ্রতি ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পরে জনপ্রতি দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।২ জুলাই রাতে মালয়েশিয়ার সেলানগর জেলার পুচংয়ে একটি বাড়িতে আগুন লেগে দুই ভাইসহ পাঁচ বাংলাদেশি নিহত হন। তাঁরা হলেন—গোলাম সারোয়ার ওরফে বাবু (২৭), আবদুল্লাহ আল ফরহাদ ওরফে সজীব (২৮), হাফেজ মিয়া ওরফে রুমান এবং দুই ভাই বশির মিয়া (৩২) ও ফারুক মিয়া (২৮)।