নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের কাছে চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর বিদ্রোহে নিহত ৫৮ জন সেনা কর্মকর্তার পরিবারের কাছে আজ আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। আজ রোববার সন্ধ্যায় গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে চার লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংকার অ্যাসোসিয়েশনের ২৬টি ব্যাংক বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি পরিবারকে মাসে ৪০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেয়। আজকের অনুষ্ঠানে ২০১১ সালের চেক হস্তান্তর করা হয়। এর আগে ২০০৯ ও ২০১০ সালের আর্থিক অনুদান দেওয়া হয়েছে।চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন। চেক গ্রহণকারী শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের বিধবা পত্নীরা এ সময় কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী শহীদ সেনা কর্মকর্তাদের স্ত্রীদের সান্ত্বনা দেন। পরে শহীদ পরিবারের সদস্যদের জন্য গণভবন লনে প্রধানমন্ত্রী হালকা খাবারের ব্যবস্থা করেন। সেখানে শহীদ সেনা কর্মকর্তাদের বাচ্চাদের জন্য খেলাধুলারও ব্যবস্থা করা হয়।চেক হস্তান্তরের শুরুতেই বিডিআর বিদ্রোহে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।