নিহত ১১ বাংলাদেশির জন্য মরিশাসের ‘অন্য রকম’ ভালোবাসা
সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশির জন্য অন্য রকম ভালোবাসা দেখাল মরিশাস। দেশটির জনগণ ও সরকারের এ ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশের শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন। তাঁর ভাষায়, বাংলাদেশিদের জন্য মরিশাস যে ভালোবাসা দেখাল, পৃথিবীর আর কোনো দেশ বাংলাদেশের শ্রমিকদের জন্য এমন ভালোবাসা দেখায়নি। বিশ্বের অন্য কোনো দেশ প্রবাসী শ্রমিকদের জন্য এমন ভালোবাসা দেখিয়েছে কি না, সেটাও তাঁর জানা নেই।মন্ত্রী জানান, সম্প্রতি মরিশাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটি সে দেশের সরকার ও জনগণকে ব্যাপকভাবে আলোড়িত করে। দুর্ঘটনার পর মরিশাস সরকার নিহত প্রতিটি পরিবারকে সাত থেকে আট হাজার করে মার্কিন ডলার দিয়েছে। এ ছাড়া তাঁরা নিহত ১১ জনের পরিবারের জন্য ৯০ হাজার ডলারের একটি তহবিল করতে চায়। ওই অর্থ বাংলাদেশেই বিনিয়োগ করা হবে। আর সেই বিনিয়োগ থেকে পাওয়া অর্থ প্রতি মাসে ১১টি পরিবারের সদস্যদের দেওয়া হবে।খোন্দকার মোশাররফ হোসেন আরও জানান, ওই দুর্ঘটনার একটি মামলা মরিশাসের আদালতে বিচারাধীন আছে। এ মামলায় ক্ষতিপূরণ হিসেবে একেকটি পরিবার একজন শ্রমিক ছয় বছর মরিশাসে থাকলে যে অর্থ আয় করতেন সে পরিমাণ অর্থ পাবেন। বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মরিশাস বাংলাদেশের শ্রমমন্ত্রীকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছিল বলে মন্ত্রী জানান। সফর শেষে তিনি গত ২৯ মে দেশে ফেরেন। মরিশাসে শ্রমবাজার সম্প্রসারণ ও অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার সকালে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় শ্রমমন্ত্রী এসব কথা বলেন। মরিশাস বাংলাদেশ থেকে কত লোক নিতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, মরিশাসের মোট জনসংখ্যা ১২ লাখ। কাজেই তাঁরা তাঁদের জনসংখ্যার চেয়ে বেশি লোক নিতে পারবে না। তাঁরা চার থেকে পাঁচ হাজার শ্রমিক নেওয়ার কথা বলেছে। বর্তমানে দেশটিতে ১২ হাজারের মতো বাংলাদেশি আছে বলে তিনি জানান। এর আগে সকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসেম মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় মালদ্বীপের মন্ত্রী জানান, জনবসতিহীন একটি দ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য মালদ্বীপের সরকার পাঁচ হাজারের মতো ঘর করে দেবে। এ ছাড়া মালদ্বীপ সরকার সে দেশে বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম ৪২০ ডলার করে মজুরি দেবে।