সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির পরিচয় মিলেছে। তাঁদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামে, তিনজন কুমিল্লার, দুজন ফরিদপুরের এবং মুন্সিগঞ্জ, রাজবাড়ী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার ও নেত্রকোনার একজন করে রয়েছেন।গত সোমবার আল আইনে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ওই ১৮ জনসহ মোট ২২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয়। বাকি তিনজনের মধ্যে একজন মিশরীয় নাগরিক। অপর দুজনের পরিচয় গতকাল মঙ্গলবারও জানা যায়নি।পররাষ্ট্র মন্ত্রণালয়, আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, লাশগুলো আল আইন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁদের মরদেহ দেশে আনতে সাত থেকে ১০ দিন লাগতে পারে।চট্টগ্রামের নিহত সাতজন হলেন: আনোয়ারার খাশখামা গ্রামের শাহ আলমের ছেলে বোরহানউদ্দিন, ফটিকছড়ির উত্তর পাইন্দং গ্রামের আবদুল গনির ছেলে মোহাম্মদ আরিফ, একই উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের আবদুল মোতালেবের ছেলে আলাউদ্দিন, ধর্মপুর গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ হাশেম, রায়পুর গ্রামের সিরাজুল ইসলাম মজুমদার, কাঞ্চননগর আমিনুল হকের ছেলে নুরুল আলম ও রাউজান উপজেলার উত্তর সার্তা গ্রামের ইদ্রিসের ছেলে খোরশেদ আলম।কুমিল্লার তিনজন হলেন: মনোহরগঞ্জ উপজেলার নারারপাড় গ্রামের আবুল হোসাইনের ছেলে নূর আলম, মুরাদনগরের হিরাপুর গ্রামের মালু মিয়ার ছেলে হাবিবুর রহমান ও আলীর চর গ্রামের সুন্দর আলীর ছেলে আনোয়ার হোসেন। নিহত অন্যরা হলেন: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংসারদি গ্রামের সামাদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা, সদরপুর উপজেলার চেরাগ আলী মুন্সিকান্দি গ্রামের জহিরউদ্দিন মুন্সীর ছেলে রোকন মুন্সী, নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশি গ্রামের উজ্জ্বল মিয়া, রাজবাড়ী সদরের রামকান্তপুর গ্রামের কাসেম কবিরাজের ছেলে জয়নাল কবিরাজ, মুন্সিগঞ্জের শ্রীনগরের মদনখালী গ্রামের শেখ আলিফের ছেলে বাশার, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গোল্লাশনগঞ্জ গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসির আলী ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফ্যালকন গ্রামের রুহুল আমিনের ছেলে ফারুক হোসেন। নিহত অপরজন উজ্জ্বল বিশ্বাসের বাড়ির ঠিকানা জানা যায়নি।আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর লতিফুল হক কাজমী গতকাল প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিরা আল হাকিম ডেকোরেশন কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির তত্ত্বাবধানে ৪৬ জন কর্মী একটি বাসে করে কাজে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কংক্রিটবোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। লরিটি পড়ে বাসের ওপর। এতে ২২ জন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন বাংলাদেশির পরিচয় জানা গেছে। নিহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। আঙুলের ছাপ নিয়ে তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।আহতদের অবস্থা জানতে চাইলে লতিফুল হক বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি সাতজনের অবস্থা ভালো। দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে সবার খোঁজখবর রাখছেন।ঢাকায় বিএমইটির পরিচালক মোহসিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি তদন্ত ও হাসপাতালের প্রতিবেদনের বিষয় আছে। আমরা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, তদন্ত ও ক্ষতিপূরণ পাওয়ার জন্য এসব প্রক্রিয়া শেষ করতে সপ্তাহ খানেক লাগবে। এরপর মরদেহগুলো দেশে আনা সম্ভব হবে।’ তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ দাফনের জন্য বিমানবন্দরে ৩৫ হাজার টাকা এবং পরে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।