নিহতদের অধিকাংশই ছিলেন পরিবারে একমাত্র উপার্জনক্ষম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের শহিদুল ইসলাম রানা প্লাজার সাততলার নিউ ওয়েভ স্টাইলে সুপারভাইজারের চাকরি করতেন। তাঁর আয়েই চলত বাবা-মা, স্ত্রী আর দুই সন্তানের সংসার। স্বামীর মৃত্যু তাই চরম দুশ্চিন্তায় ফেলেছে স্ত্রী শিল্পী আক্তারকে। স্বামীর লাশ নেওয়ার পর গত রোববার শিল্পী প্রথম আলোকে বলেন, ‘স্বামী মইরা গেছে। আমরারেও মাইরা গেছে। হে-ই সংসার চালাইত। দুই ছেলে কাওসার (৭) আর কাইয়ুমরে (৪) নিয়ে আমি কেমনে বাঁচবাম। কী করবাম?’ শিল্পী চান, সরকার যেন তাঁর পাশে দাঁড়ায়। শিল্পীর মতো একই সমস্যায় পড়েছে সাভারের নিহত ব্যক্তিদের পরিবারগুলো। কারণ, নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। ফলে এ পরিবারগুলো এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সাভারের অধরচন্দ্র উচ্চ-বিদ্যালয়ে গত শুক্র, শনি ও রোববার নিহত ব্যক্তিদের স্বজনেরা যখন লাশ বুঝে নিচ্ছিলেন, তখন ১৮টি পরিবারের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এর মধ্যে দুটি পরিবার বাদে বাকি সব পরিবারের সদস্যরা বলেছেন, নিহত ব্যক্তিরা ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। সরকার ও বিজিএমইএ বলছে, তারা স্বজনহারাদের পাশে থাকবে। তবে কী প্রক্রিয়ায় সেটি হবে, সে বিষয়টি এখনো পরিষ্কার করা হয়নি। অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়ার সময় ঢাকা জেলা প্রশাসন ও সাভার পুলিশ প্রশাসন শুধু নিহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের মুঠোফোন নম্বর রাখছে। পরিবারে কতজন সদস্য আছে, উপার্জনক্ষম ব্যক্তি আছে কি না, সে ব্যাপারে তারা কোনো তথ্য নেয়নি। তবে এসব তথ্য সংগ্রহ করছে বেসরকারি সংস্থা সাজিদা ফাউন্ডেশন। তারা বলছে, তারা এ পর্যন্ত ৩০০টি পরিবার পেয়েছে, যেখানে নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। সাজিদা ফাউন্ডেশনের সমন্বয়ক আবু নাছের গতকাল প্রথম আলোকে বলেন, ‘বুধবার থেকে আমাদের সংগঠনের কর্মীরা এখানে কাজ করছেন। যাঁরা লাশ নিতে আসছেন, যাঁরা নিখোঁজ স্বজনদের খোঁজে আসছেন, আমরা তাঁদের তথ্য সংগ্রহ করছি। আমরা দেখেছি, এ পর্যন্ত যাঁরা লাশ নিয়েছেন তাঁদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন। ফলে এই পরিবারগুলোর ভবিষ্যৎ, ছেলেমেয়ে বা ভাইবোনদের লেখাপড়াসহ পরিবারের নানা সংকট দেখা দিতে পারে। আমরা এ পর্যন্ত এমন ৩০০ জনের হিসাব পেয়েছি।’ তিন দিন অপেক্ষার পর স্বামী আবু হানিফের লাশের সন্ধান মিলেছে। রোববার সাভারের অধরচন্দ্র স্কুলমাঠে সেই লাশ নিতে গিয়ে আহাজারি থামছিল না মধ্যবয়সী কমলা বেগমের। শোকের পাশাপাশি তিনি চরম দুশ্চিন্তায় আছেন দুই সন্তান আর তাঁর ভবিষ্যৎ নিয়ে। কারণ স্বামীই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপাজনক্ষম ব্যক্তি। একই অবস্থার তথ্য পাওয়া গেছে ১৬ পরিবারের কাছ থেকে। রাজবাড়ীর হারুন আল রশিদ রানা প্লাজার আটতলার নিউওয়েভ স্টাইলের কোয়ালিটি শাখায় কাজ করতেন। তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৭)। স্বামীর মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন। সাবিনা জানান, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। তিন বছর আগে একমাত্র ছেলে সাকিবের জন্ম হয়। এখন তিনি কীভাবে বাঁচবেন, কীভাবে সংসার চালাবেন, কিছুই বুঝতে পারছেন না। শরীয়তপুরের সূর্য বানু (১৮) রানা প্লাজার তিনতলার নিউ ওয়েভ বটমসের অপারেটর ছিলেন। বিয়ে করেননি। ষাট বছরের বৃদ্ধা মা হাজেরা বিবিকে নিয়মিত টাকা পাঠাতেন তিনি। এই বৃদ্ধাও জানেন না কীভাবে চলবে তাঁর জীবনের বাকি কয়টা দিন। তিনি জানেন না, কে তাঁর পাশে দাঁড়াবে। স্বজনহারা এই পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়ে বিজিএমএইর সভাপতি আতিকুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে আগামী ১০ বছর পর্যন্ত ক্ষতিপূরণ দিয়ে যাব। এ ছাড়া যাঁরা আহত বা পঙ্গু হয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা কাজ করতে সক্ষম থাকবেন তাঁদের এবং অন্যদের ক্ষেত্রে পরিবারের উপযুক্ত কোনো সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব।’ তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তা করা হবে সে বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা জানায়নি পোশকমালিকদের এই সংগঠনটি।