নিহতদের আত্মার শান্তি কামনায় রাষ্ট্রীয় শোক পালন
পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন ধসে নিহত ব্যক্তিদের স্মরণে সারা দেশে গতকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়েছে। সরকারি, আধাসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সারা দেশে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। খবর: বাসস ও ইউএনবির।দুটি মর্মান্তিক ঘটনার পর গত শুক্র ও শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সব কর্মসূচি বাতিল করেন।গত বৃহস্পতিবার রাতে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১১৭ জন এবং এর আগে গত মঙ্গলবার রাতে বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের মৃত্যু হয়। উভয় ঘটনায় আহত হয় আরও শতাধিক মানুষ।ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নিহত ব্যক্তিদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। ধর্ম প্রতিমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে উভয় ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান বিশ্বাস মিলাদ ও দোয়া পরিচালনা করেন।রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। মন্দিরের প্রধান পুরোহিত প্রদীপ চক্রবর্তীর পরিচালনায় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মহানগর পূজা কমিটির সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক তাপস কুমার পালসহ হিন্দুসম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ প্রার্থনা সভায় যোগ দেন। এতে উভয় দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।বন্দরনগর নারায়ণগঞ্জ ও রংপুরে মসজিদ, মন্দির, গির্জায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগ বিশেষ শোকসভার আয়োজন করে। শোকসভা শেষে মিলাদ ও বিশেষ প্রার্থনা করা হয়।আবুধাবি: রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।নিউইয়র্ক: আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, শনিবার রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশ মিশনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন দেশের কূটনীতিবিদেরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। গতকাল শনিবার জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন দুর্ঘটনার বিস্তারিত সংবাদ কূটনীতিবিদদের অবহিত করেন। এ সময় উপস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, বেলারুস, কাজাখস্তানসহ অন্যান্য দেশের স্থায়ী প্রতিনিধিরা বাংলাদেশের জনগণের প্রতি তাঁদের গভীর সমবেদনা প্রকাশ করেন।রাশিয়া, যুক্তরাজ্য ও চীনের শোক: ঢাকায় গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাশিয়া, যুক্তরাজ্য ও চীন গভীর শোক প্রকাশ করেছে। গত শুক্রবার রাতে ঢাকায় পাওয়া পৃথক বার্তায় এ কথা জানানো হয়। ভুটানি প্রধানমন্ত্রীর প্রার্থনা: ভুটানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লিওনপো ইয়েশি জিমবা গতকাল শনিবার রাজধানী থিম্পুতে বাংলাদেশি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত মানুষের জন্য প্রার্থনা করেছেন। আহতদের দেখতে রাষ্ট্রপতি হাসপাতালে: রাষ্ট্রপতি জিল্লুর রহমান অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের দেখতে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। রাষ্ট্রপতি আহত ব্যক্তিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সবার জন্য সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন।