নিহতদের জন্য দেশের মানুষ শোকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দুর্ঘটনায় নিহতদের জন্য দেশের মানুষ শোকাহত। কোনো দিন এই ক্ষতি পূরণ হবে না।খালেদা জিয়া চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকসভায় এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরসরাইয়ের আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে এ শোকসভা হয়। শোকার্ত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের দেখতে এসেছি, সমবেদনা জানাতে এসেছি। আমি মা হিসেবে জানি, ছেলে হারানোর দুঃখ। আমার দুই ছেলে অসুস্থ অবস্থায় বিদেশে।’মিরসরাই উপজেলা বিএনপি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের সামর্থ্য সীমিত। যদি কোনো দিন সময় আসে, আল্লাহ সুযোগ দেন, তাহলে স্কুল-কলেজের ছাত্রদের উন্নতির জন্য যা করা দরকার তা করব। পরিবারগুলোকেও যথাসাধ্য সহযোগিতা করব।’শোকসভায় আসার পথে খালেদা জিয়া ওই দুর্ঘটনায় নিহত পশ্চিম খৈয়াছড়া এলাকার মাদ্রাসাছাত্র সাইদুল ইসলামের বাড়িতে যান এবং তার মা ও স্বজনদের সান্ত্বনা দেন। বক্তব্য শেষে তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন।আট মিনিটের বক্তব্যে খালেদা জিয়া আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা সরকারে নেই। আমাদের মন আছে। কিন্তু সীমিত সাধ্য। যতটুকু পারা যায় আমরা সহযোগিতা করব। আহতদের চিকিৎসার বিষয়ে আমাদের নেতা মোরশেদ খান দায়িত্ব নিয়েছেন।’ খালেদা জিয়া বলেন, ‘মিরসরাইয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। কারণ, ১৯৯৬ সালে আপনারা আমাকে এখান থেকে নির্বাচিত করেছিলেন।’নিহতদের অভিভাবকদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, আপনাদের যে সন্তানগুলো বেঁচে আছে, তাদের আপনারা পড়ালেখা করান। যাতে ভবিষ্যতে তারা মানুষ হতে পারে। তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে আমাদের ছেলেরা (বিএনপিন কর্মী) পাশে ছিলেন। এখনো আছে।উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।কেন্দ্রীয় নেতাদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।শোকসভায় যোগ দিতে দুপুরের পর থেকে মিরসরাই ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা আবুতোরাব স্কুলের মাঠে জড়ো হন।আজ শুক্রবার সকালে নিহতদের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।