নিহতদের পরম শ্রদ্ধায় স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের অনেকেই কাল এসেছিলেন বনানীর সামরিক কবরস্থানে। ছিল সামরিক আনুষ্ঠানিকতা, ছিল আরও কর্মসূচি। কিন্তু স্বজনদের ক্ষোভ হত্যাকাণ্ডের বিচার নিয়ে। পরিবারগুলো আদৌ হত্যাকাণ্ডের বিচার পাবে কি না, তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন কেউ কেউ।সকালে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি। তাঁরা সবাই স্মরণ করলেন পিলখানায় সংঘটিত চার বছর আগের সেই নারকীয় ঘটনার।বিডিআরে বিদ্রোহের আট মাস আগে মাকে হারায় রামি ও সামি দুই ভাই। আট মাস পরে বিডিআরে বিদ্রোহে বাবা মেজর মিজানুর রহমানকে হারায় ওরা। ওদের নিয়ে কবরস্থানে এসেছিলেন দাদি কোহিনুর বেগম আর চাচা ফেরদৌস। ছোট নাতির হাত ধরে কোহিনুর বেগম বলেন, ‘দাদু, বাবার জন্য দোয়া করো।’ কেমন আছেন জিজ্ঞেস করতেই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ তুললেন তিনি। চোখ মুছে ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘চার বছরেও বিচার শেষ হলো না। এখন আল্লাহ ছাড়া কারও কাছে কিছু চাওয়ার নেই।’নিহত কর্নেল কুদরত এলাহীর বাবা হাবিবুর রহমানের কণ্ঠেও একই সুর। তাঁর প্রশ্ন, কবে এ বিচার শেষ হবে? লে. কর্নেল লুৎফর রহমানের স্ত্রী তাসনীমা বললেন, এত দিন চলে গেল কেন এ বিচার শেষ হবে না! একই হতাশা ব্যক্ত করলেন আরও কয়েকজন। সবাই বিচারের দীর্ঘ সময়ের কথা বলে ক্ষোভ প্রকাশ করেছেন।ওই কবরস্থানে একই সময় গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। স্বজনদের ক্ষোভের কথা জানানো হলে তিনি বলেন, এটি বড় মামলা। আসামির সংখ্যাও অনেক। এ কারণে বিচারে কিছুটা সময় লাগছে। নিহতদের পরিবার অবশ্যই সুবিচার পাবে।পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের বেশির ভাগেরই দাফন হয়েছে বনানীর সামরিক কবরস্থানে। কয়েকজনকে তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়। কবরস্থানে মাঝামাঝি এক সারিতে এসব কর্মকর্তাকে দাফন করা হয়েছে। কবরগুলো সারি করে বাঁধানো। মাঝে কালো সিরামিক লাগানো স্মৃতিস্তম্ভ। এই বেদিতেই সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগের পক্ষে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও অন্যান্য নেতা শ্রদ্ধা জানান। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদও শ্রদ্ধা জানাতে যান। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সামরিক মসজিদের ধর্মীয় শিক্ষক।জোহর নামাজের আগে সব সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে (গ্যারিসন/প্রধান মসজিদ) এরিয়ার তত্ত্বাবধানে এবং ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে সদর দপ্তর লগ এরিয়ার তত্ত্বাবধানে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়। মিলাদে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।বর্ডার গার্ড বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় পিলখানার কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।