নিহতদের পরিবার: পাওয়া-না পাওয়া
বিডিআর বিদ্রোহে নিহত কর্মকর্তাদের পরিবারগুলোর জন্য সরকার যেসব সহায়তার কথা ঘোষণা করেছিল তার অনেক কিছুই এখনও বাস্তবায়িত হয়নি। এ নিয়ে পরিবারগুলোর মধ্যে আছে চাপ ক্ষোভ। নিহত ৫৭ সেনা কর্মকর্তার পরিবারকে সেনানিবাসের ভেতরে বাসা বরাদ্দ হয়েছে, তাও দুই বছরের জন্য। কবে স্থায়ী আবাসন দেওয়া হবে তা কেউ জানেন না। অনেক পরিবারের সদস্য তাঁদের সুখ-দুঃখ-দুর্দশা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। তবে সেনানিবাসের বিধিনিষেধের কারণে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এর আগে পরিবারগুলোর সঙ্গে কথা বলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথম আলোর পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। অনেক পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিদ্রোহের ঘটনার পর ভয় আর আতঙ্ক সব পরিবারকেই গ্রাস করেছে। যেসব শিশু সেদিন সামনে থেকে গোলাগুলি দেখেছে, তারা এখনো জোরে কোনো শব্দ শুনলে আঁতকে ওঠে, ভয়ে জড়োসড়ো হয়ে যায়। অনেক সেনা কর্মকর্তার স্ত্রী সেই করুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের একটাই চিন্তা, সন্তানদের নিয়ে আগামী দিনগুলো তাঁরা কীভাবে কাটাবেন। এই আতঙ্কের জগত্ থেকে তাঁদের সন্তানদের মুক্তি মিলবে? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি পরিবারের সদস্যরা বলেন, সেনা কর্মকর্তারা নিহত হওয়ার পর তাঁরা প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা করে পেয়েছেন, সেনাবাহিনীর কল্যাণ তহবিল থেকে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকার চেক। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাসিক ৪০ হাজার করে এক বছরের টাকা পেয়েছেন। তাঁরা জানান, বিদ্রোহের সময় জওয়ানেরা তাঁদের বাসার কোনো কিছুই রাখেনি। তাঁদের গাড়িগুলো পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসবাব পর্যন্ত ভাঙচুর আর জিনিসপত্র লুটপাট করেছে। স্বামী হারানোর সঙ্গে সঙ্গে বেশির ভাগ পরিবার নিঃস্ব হয়ে গেছে। এসব পরিবারের সদস্যদের সবচেয়ে বড় দাবি—আজীবন রেশন আর স্থায়ী আবাসন। তাঁরা এ নিয়ে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে কথাও বলেছেন। কিন্তু কবে এসব বাস্তবায়িত হবে, তা কেউ বলতে পারেননি। বর্তমানে প্রতিটি পরিবারকে দুই বছরের জন্য অস্থায়ীভাবে বাসা বরাদ্দ করা হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, নিহত কর্মকর্তাদের পরিবারগুলোর সবকিছু দেখভাল করছে ‘শহীদ পরিবার সহায়তা কেন্দ্র’। কেন্দ্রের কর্মকর্তারা জানান, সরকার নিহত কর্মকর্তাদের পরিবারগুলোর জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত করেছে। এগুলো হলো ৫৭ জনের পরিবারকে ১০ লাখ টাকার চেক, ক্ষতিগ্রস্ত ৪৪ জন সেনা কর্মকর্তার পরিবারসহ ১০৫টি পরিবারকে পাঁচ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। যানবাহন সহায়তার জন্য বিডিআরের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে এককালীন ৫০ হাজার টাকা। সিএসডি কর্তৃপক্ষ কিছু সহায়তা দিয়েছে। আবাসন সমস্যা সম্পর্কে সেনাসূত্র জানায়, এ পর্যন্ত ৪৯টি পরিবারকে ঢাকা, চট্টগ্রাম, রংপুর সেনানিবাস ও মিরপুর ন্যাম ফ্ল্যাটে দুই বছরের জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব পরিবারের ৩৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়েছে। নিহত কর্মকর্তাদের স্ত্রী ও ছেলেমেয়ে মিলে ২৩ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুবিধা ও বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই কর্মকর্তার দুই সন্তানকে বিদেশে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।