নিহতদের স্মরণ করছে পিলখানা (ভিডিও)
পিলখানা হত্যাকাণ্ডের চার বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তত্কালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ঘটে যাওয়া বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করছে বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য বিজিবির পিলখানাসহ সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় আজ বাদ ফজর পবিত্র কোরআন শরিফ খতম করা হয়। এ ছাড়া প্রধান মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।এর আগে সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও বিজিবির মহাপরিচালক নিহত ব্যক্তিদের স্মরণে গড়ে ওঠা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বিজিবির মহাপরিচালক, নিহত ব্যক্তিদের স্বজন, পিলখানায় কর্মরত সব কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মচারীরা অংশ নেবেন। খবর বিজ্ঞপ্তির। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের বিদ্রোহী জওয়ানেরা নারকীয় তাণ্ডব চালান পিলখানায়। তাঁদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। চার বছর পেরিয়ে গেলেও এই বিদ্রোহের বিষয়ে নানা প্রশ্নের জবাব এখনো মেলেনি। বিদ্রোহের কারণ সম্পর্কে জওয়ানদের নানা ক্ষোভের কথা বলা হলেও নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো অস্পষ্ট।বিডিআর বিদ্রোহের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছিল। এ দুটি কমিটি বিদ্রোহের ঘটনার তদন্ত ও ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে, সে ব্যাপারে আরও উচ্চতর তদন্তের জন্য কমিটি গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছিল। কিন্তু দুই কমিটির অনেক সুপারিশই বাস্তবায়িত হয়নি।জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, এসব দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—স্বাভাবিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে। তবে ইতিমধ্যে বাহিনীর ভেতরে অনেক পরিবর্তন এসেছে।