নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে চলতি সপ্তাহের যেকোনো এক দিন শোক দিবস ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, কাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে শোক প্রকাশ করে শোক দিবস ঘোষণার বিষয়টি উত্থাপন করা হবে। আজ রোববার সন্ধ্যায় গণভবনে বিজয় দিবস উদযাপন কমিটির সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকে অগ্নিদগ্ধ হয়ে নিহত পোশাকশ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। খবর ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, আহত পোশাকশ্রমিকদের সুচিকিত্সা ও আহত-নিহত ব্যক্তিদের পরিবারকে সহযোগিতা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে গতকাল শনিবার রাতে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।