বড়পুকুরিয়া কয়লাখনিতে গতকাল মঙ্গলবার ভূমিধসে নিহত রঞ্জিতের পরিবারকে চার লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান (এক্সএমসি) দুই লাখ ২০ হাজার এবং খনি কর্তৃপক্ষ দুই লাখ টাকা দেবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আজ বুধবার বেলা ১১টায় পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর ও খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে এ আশ্বাস দেন।কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন প্রথম আলোকে বলেন, আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের পর গতকাল রাতে এক্সএমসির সঙ্গে দেশি শ্রমিক ও খনি কর্তৃপক্ষের বৈঠক হয়। তখন এক্সএমসি নিহত শ্রমিকের পরিবারকে ওই পরিমাণ ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং আহত শ্রমিকদের প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করার আশ্বাস দেয়।কয়লাখনি সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টায় ‘মনমেলা’ নামক অফিসার্স ক্লাবে পেট্রোবাংলা চেয়ারম্যান খনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দেশি শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে শ্রমিকেরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের অবহেলা, উদাসিনতা ও নিম্নমানের উপকরণ (কাঠ ও লোহার অ্যাঙ্গেল) দিয়ে খনির নিচে কাজ করার কারণে খনিতে ভূমিধস ঘটে। তাঁরা আহত শ্রমিকদের সুচিকিত্সা এবং পরে মানসম্মত উপকরণ চেয়ে সরকারের কাছে দাবি জানান।বৈঠক শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ভূগর্ভস্থ খনিতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। উন্মুক্ত পদ্ধতির খনি হলে এমন ঘটনা ঘটত না। আটকা পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করতে পারায় উদ্ধার কর্মীদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।নিম্নমানের উপকরণের ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, খনির নিচে সাপোর্টটি শক্তিশালী ছিল না বলেই ভেঙে পড়েছে। তবে ভূগর্ভস্থ খনিতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।