নিহতের রক্ত দেখে মারা গেলেন আরও একজন
বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে আজ রোববার সকালে দোলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আর তাঁর রক্ত দেখে রিজিয়া বেগম (৫০) নামের এক নারী হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।আজ সকাল আটটার দিকে নগরের সিমেট্রি সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ এ হত্যার ঘটনায় একজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরের সিমেট্রি সড়কের ৫০ নম্বর বাড়ির দোতলায় বাস করতেন দেলোয়ার হোসেন। আর নিচতলায় বাস করেন তিন ভাই রাজু, কাজু, তাজু ও তাঁদের মা নূরজাহান বেগম। এই বাড়িটি সরকারি সম্পত্তি। উভয় পরিবারই সরকারের কাছ থেকে লিজ নিয়ে বাড়িটিতে থাকতেন। কিন্তু অনেক দিন ধরেই ওই তিন ভাই দেলোয়ার হোসেনকে দোতলা ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি করে আসছিলেন। এ নিয়ে মাঝেমধ্যে দুই পক্ষের বাগবিতণ্ডাও হয়েছে। আজ সকালে দেলোয়ার বাড়ি থেকে বের হয়ে ১০০ গজ সামনে গেলে ওই তিন ভাই পেছন থেকে চাইনিজ কুড়াল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।এদিকে রাস্তায় দেলোয়ার হোসেনের রক্ত দেখে নগরের হরিণটানা এলাকার বিয়াবাজারের বাসিন্দা রিজিয়া বেগম হূদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ নূরজাহান বেগমকে আটক করেছে।দেলোয়ার হোসেনের ছেলের বউ রুমানা পারভীন অভিযোগ করেন, ‘দীর্ঘ দিন থেকে নিচতলার বসবাসকারী রাজু, কাজু, তাজু তিন ভাই আমাদের তাড়িয়ে দোতলায় বসবাস করার চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে আদালতে মামলা হয়। আমার শ্বশুর আদালতের মাধ্যমে দোতলায় বাস করার অনুমতি পান। আজ সকালে তিনি (দেলোয়ার) বাড়ির একটু সামনে গেলে ওই তিন ভাই তাঁকে চাইনিজ কুড়াল দিয়ে কোপায় এবং হাতুড়ি দিয়ে পেটায়।’খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘আমার ধারণা, বাড়িটি যেতেতু শত্রু সম্পত্তি, তাই এটি দখল করা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ ওঠা ওই তিন ভাই পলাতক।