নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে নিহত মানুষের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলা ছাড়া ভবনধসে প্রাণহানির সংখ্যা এটিই সর্বোচ্চ।রানা প্লাজা ধসের ১৭তম দিনে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে এক হাজার ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধারের পর হাসপাতালে মারা গেছেন ১২ জন। সব মিলিয়ে ভবনধসে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। সর্বশেষ গতকাল রেশমাকে জীবিত উদ্ধার করা হয়।এর আগে ১৯৯৫ সালে ভবনধসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সিউলে। সে বছরের ২৯ জুন সামপুং ডিপার্টমেন্টাল স্টোর ধসে নিহত হন ৫০২ জন। এরপর সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে ১৯৭৬ সালের ১৩ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে ছয়তলা বাসভবন ধসে, মারা যান ১৩৯ জন।গতকাল ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত ৬৬ জনের লাশ উদ্ধার করা হয়। নিহত মানুষের সংখ্যা বৃহস্পতিবার মধ্যরাতে এক হাজার ছাড়িয়ে যায়। এক হাজারতম লাশটি ছিল বিকৃত, সঙ্গে পরিচয়পত্র বা মুঠোফোনও ছিল না। তবে পোশাক দেখে এটি পুরুষের লাশ বলে উদ্ধারকর্মীরা শনাক্ত করেন। উদ্ধারকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এক স্থান থেকে ১২টি লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের পূর্ব-উত্তর পাশের সিঁড়ির সর্বশেষ অংশটুকু থেকে এসব লাশ উদ্ধার করা হয়। ভোর সোয়া ছয়টার দিকে পেছনের দিকের বিম ও কলামের মধ্যে আটকে থাকা ছয়টি লাশ উদ্ধার করা হয়।গতকাল পর্যন্ত ভবনটির পেছনে এবং সামনের বেশ কিছু স্থানে বেজমেন্ট পর্যন্ত ধ্বংসস্তূপ সরানো হয়েছে। মাঝখানে এখনো কয়েকটি তলার ছাদের বড় বড় স্ল্যাব রয়ে গেছে। উদ্ধারকর্মীরা জানান, এই অংশেও লাশ থাকতে পারে। কারণ এর আশপাশে পচে যাওয়া লাশের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। সামনের দিকে গর্ত করে ধ্বংসস্তূপ সরানোর ফলে পানি জমে আছে।সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত ২৬ এপ্রিল পর্যন্ত ৩৫৩টি লাশ উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা হয় বাকি ৬৯২টি লাশ। চার দিন ধরে প্রতিদিন শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত ৭৭৭টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠ ও হাসপাতালের মর্গে আছে ১২৪টি লাশ। শনাক্ত না হওয়া ও ১৫৬টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।গতকালও অনেক মানুষ নিখোঁজ স্বজনের লাশের অপেক্ষায় অধরচন্দ্র বিদ্যালয় মাঠে অবস্থান করেন। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, দুপুরে স্বজনদের খোঁজে আসা এমন ৩৫০ জনকে খাবার দিয়েছে তারা। অনেক স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডিএনএ পরীক্ষা করিয়েছেন। কিন্তু এখনো স্বজনের লাশ পাননি। তাঁদের কান্নায় অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠ ভারী হয়ে উঠছে।গাইবান্ধার সাদুল্যাহপুরের আবুল কাশেমের মেয়ে কামনা আক্তার কাজ করতেন রানা প্লাজার পঞ্চম তলায়। ডিএনএ পরীক্ষার জন্য ৬ মে কামনার ভাই মোস্তাক আহাম্মেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। কিন্তু গতকাল পর্যন্ত তাঁর লাশ পাননি স্বজনেরা। পেশায় কৃষক কাশেমের ওপর নির্ভর করে ছয় সদস্যের পরিবার। কিন্তু তিনি চাষাবাদ বাদ দিয়ে ১৭ দিন ধরে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন।টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছিটকিবাড়ি গ্রামের আবুল কালাম মেয়ে নাছিমা আক্তারের লাশ পেতে ডিএনএ পরীক্ষার জন্য সপ্তাহ খানেক আগে নমুনা দিয়েছেন। কিন্তু তিনিও মেয়ের লাশ পাননি। তিনি বলেন, তাঁদের ধারণা ছিল নমুনা দেওয়ার পরদিনই স্বজনের খোঁজ পাবেন।জানতে চাইলে ডিএনএ ল্যাবরেটরির প্রধান শরিফ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, এটা নির্ভর করবে কত নমুনা পাওয়া যাচ্ছে তার ওপর। সাভারের ঘটনায় যত নমুনা পাওয়া গেছে, তাতে পরীক্ষা শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগবে।