মিসরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সমর্থকদের সংঘর্ষে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনার পরদিনই গতকাল বৃহস্পতিবার আবারও সহিংস ঘটনা ঘটেছে। সিনাই উপদ্বীপে মুরসিপন্থীরা হামলা চালিয়ে সাত সেনাসদস্যকে হত্যা করেছে বলে নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছে। ক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে সরকারি স্থাপনায়। বিচ্ছিন্ন করে দিয়েছে সড়ক যোগাযোগ। নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড।এদিকে, আগের দিনের ঘটনায় নিহতের সংখ্যা ৫৭৮-এ দাঁড়িয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে মুসলিম ব্রাদারহুডের দাবি, দুই হাজার ২০০ মানুষ নিহত ও ১০ হাজার মানুষ আহত হয়েছে। ব্রাদারহুড বলেছে, এসব ঘটনার পরও তারা দমবে না। মিসরের নিরাপত্তা বাহিনী গত বুধবার সকালে রাজধানী কায়রোর দুটি অস্থায়ী বিক্ষোভ শিবির থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুররিস সমর্থকদের সরিয়ে দিতে গেলে ওই ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিসরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশটির সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কঠোর নিন্দা করেছেন। মিসরে সর্বসম্প্রতি সহিংসতায় ওবামা গতকালই প্রথম মন্তব্য করলেন। পাশাপাশি তিনি মিসরের সঙ্গে নির্ধারিত যৌথ সামরিক মহড়া ‘ব্রাইট স্টার’ বাতিল ঘোষণা করেছেন। এদিকে গতকাল যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া এক যৌথ বিবৃতিতে মিসর পরিস্থিতি নিয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে।বুধবারের ওই বিভীষিকাময় দিনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক মাসের জন্য জরুরি অবস্থা এবং রাজধানীসহ ১৩টি প্রদেশে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু জরুরি অবস্থার মধ্যেই গতকাল আবারও রাজপথে বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দেয় মুরসির দল মুসলিম ব্রাদারহুড। কায়রো এবং অপর বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ-সমাবেশের প্রস্তুতি নিতে থাকে দলটি।জরুরি অবস্থার মধ্যে গতকাল কায়রোতে একটি সরকারি ভবনে হামলা চালায় ব্রাদারহুডের শত শত কর্মী-সমর্থক। তারা সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম মেনা।রাজধানীর বাইরে অপর দুটি শহরে গতকাল ইসলামপন্থীদের হামলায় পুলিশের দুই সদস্য নিহত হন বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা। এর মধ্যে একজন নিহত হন উত্তর সিনাইয়ের আল-আরিশ শহরে। সেখানে বন্দুকধারীরা হামলা চালায় একটি পুলিশ ক্লাবে। এ সময় গুলিতে ওই পুলিশ সদস্য নিহত হন। পুলিশ সদস্য নিহত হওয়ার অপর ঘটনাটি ঘটে দেশের মধ্যাঞ্চলীয় আসিয়ুত শহরে।রাজধানী কায়রোর কাছে গিজা শহরে প্রাদেশিক সরকারের সদর দপ্তরে আগুন দেয় বিক্ষোভকারীরা। আলেকজান্দ্রিয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বিক্ষোভ করে ব্রাদারহুডের হাজার হাজার কর্মী-সমর্থক।এদিকে, আগের দিনের ঘটনায় হতাহতের সংখ্যা গতকালও কিছুক্ষণ পর পর হালনাগাদ করে কর্তৃপক্ষ। দেশটির তথ্য মন্ত্রণালয় সর্বশেষ জানায়, কায়রোর রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে ও আল-নাহদা স্কয়ারে নিরাপত্তা বাহিনীর অভিযান এবং এরপর সারা দেশে সহিংসতায় বুধবার অন্তত ৫৭৮ জন নিহত হয়েছে বলে তারা জানতে পেরেছে। নিহতদের মধ্যে ৪৩ জন পুলিশ সদস্যও রয়েছেন।তবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। কেননা, রাজধানীসহ সারা দেশে নিহত সবার নাম সরকারিভাবে তালিকাবদ্ধ করা সম্ভব হয়নি। ব্রাদারহুডের দাবি, তাদের অন্তত দুই হাজার ২০০ কর্মী-সমর্থক নিহত ও ১০ হাজারের বেশি আহত হয়েছে।গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই ক্ষমতা থেকে সরিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। এরপর সেখানে সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। কিন্তু মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে রাজধানীর রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে ও আল-নাহদা স্কয়ারে অস্থায়ী শিবির তৈরি করে বিক্ষোভ করে আসছিল ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা। তাদের হটিয়ে দিতে গত ২৭ জুলাই রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশের ওই শিবিরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই হামলায় ৮০ জনের মতো নিহত হলেও নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্যে সফল হয়নি।গত বুধবার খুব সকালে রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে ও আল-নাহদা স্কয়ারে বিক্ষোভকারীদের অবস্থানে একযোগে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এরপর কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষে ব্যাপক গোলাগুলি চলে। অভিযান শুরুর ঘণ্টা দুই পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আল-নাহদা স্কয়ার তাদের নিয়ন্ত্রণে। আর সন্ধ্যার দিকে জানানো হয়, রাব্বা আল-আদাবিয়া মসজিদের আশপাশের এলাকার নিয়ন্ত্রণও পুরোপুরি নিয়েছে পুলিশ।