নিয়ন্ত্রণহীন বাজারে আগুন, নাভিশ্বাস ক্রেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনলাগা বাজারে প্রতিদিনই এখন যুক্ত হচ্ছে নিত্যনতুন পণ্য। ফলে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য বাজার হয়ে উঠছে অসহনীয়। চাল কিনতেই আয় ফুরাচ্ছে, আর তাই অন্যান্য পণ্য চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। চালের দর অনেক দিন ধরেই বাড়ছিল। নিয়ন্ত্রণহীন ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে সরকার। এর সঙ্গে তিন দিন ধরে যোগ দিয়েছে পেঁয়াজ। আর গতকাল বৃহস্পতিবার এই কাতারে নতুন করে যুক্ত হয়েছে চিনি, আটা, ময়দা ও মটর ডাল।এক মাসের ব্যবধানে চাল ও আটা কেজিতে চার টাকা করে বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২০ থেকে ৩০ টাকা এবং ভোজ্যতেল লিটারে চার থেকে ছয় টাকা বেড়েছে গত তিন দিনেই।ভালো মানের চালের কেজি এখন ৪৫ থেকে ৫০ টাকা, যা এর আগে কখনো ছিল না। আর মোটা চাল ৩৪ থেকে ৩৬ টাকা। আটার দামও এখন চালের দামের কাছাকাছি। চালের দাম বাড়ায় কৃষক খানিকটা লাভবান হলেও চাল ব্যবসায়ীদের মুনাফার পরিমাণই বেশি। আর বিপাকে পড়েছে সীমিত আয়ের ভোক্তারা।এদিকে, দ্রব্যমূল্যকে বাগে আনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অধিকতর কার্যকর করার সুপারিশ ঝুলে আছে ছয় মাস ধরে। বাণিজ্য মন্ত্রণালয় এতে হাতই দেয়নি বলে জানা গেছে। জনবলকাঠামো, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, সরকারি ক্রয়বিধি (পিপিআর) থেকে অব্যাহতিসহ সংস্থাটিকে শক্তিশালী করার যে নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়, তা-ও মানা হচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ে এসেই সবকিছু আটকে যাচ্ছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ীদের সঙ্গে মাঝেমধ্যে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, এসব বৈঠকে ব্যবসায়ীরা তাঁদের বাড়ানো দামই বরং জায়েজ করে নিচ্ছেন।চাল: চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পাইকারি বাজারের সঙ্গে খোলাবাজারে প্রতি কেজিতে দামের পার্থক্য তিন থেকে চার টাকা। পার্থক্য দূর করতে সরকারি কোনো উদ্যোগও শুরু হয়নি।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অবশ্য বলেছে, কাল শনিবার থেকে প্রতি কেজি ২৪ টাকা দরে ওএমএস চালু করা হবে। আর জানুয়ারি থেকে আড়াই লাখ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীকে দেওয়া হবে রেশন কার্ড। এ ছাড়া হতদরিদ্রদের জন্য ফেয়ার প্রাইস কার্ড চালু করা হচ্ছে।টিসিবির হিসাবে গত এক মাসে মোটা চালের কেজি পৌনে ৮ শতাংশ বেড়েছে। আর এক বছরে বেড়েছে ৪০ শতাংশ। গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে এক টাকা বেড়ে ৩৪ থেকে ৩৬ টাকা হয়েছে। মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪৪ টাকা কেজি দরে। সবচেয়ে ভালো মানের চিকন চাল বেড়ে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরের মোকামে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩৩ টাকায়। রাজধানীর পাইকারি বাজারে এসে তা ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ওএমএস, ফেয়ার প্রাইস কার্ড ও রেশন কার্ড একের পর এক চালু করা হবে। আশা করা যাচ্ছে, এতে দাম দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।তবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেনের মতে, চালের দাম এখনো অস্বাভাবিক রকম বেশি নয়। ধান ও চালের দাম বাড়ায় কৃষকদের ক্রয়ক্ষমতা বাড়বে। দেশের ৫০ শতাংশ পরিবার কৃষিজীবী—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিপুলসংখ্যক মানুষের আয় বাড়লে তা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ব্যাপার। তবে চালের দাম বাড়ায় কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের চিহ্নিত করে সুনির্দিষ্ট উদ্যোগ নিলে অর্থনীতির মধ্যে ভারসাম্য থাকবে।এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গতকাল ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রকাশ করে বলেছে, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৪ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৭ শতাংশ হয়েছে। গত এক বছরে ধান, গমসহ সব ধরনের সবজির উৎপাদন ও দাম উভয়ই বেড়েছে। এতে কৃষকের হাতে আগের চেয়ে বেশি অর্থ এসেছে।ভোজ্যতেল: ভোজ্যতেলের দাম চলতি মাসের শুরুতেই এক দিনে লিটারে ১৩ টাকা বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। এরপর চার দফা বৈঠক করে দুবার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত দামে যে তেল বিক্রি হচ্ছে না, খোদ বাণিজ্যসচিবই তা জানিয়েছেন।এদিকে ভোজ্যতেলের দর নির্ধারণে সরকারের হস্তক্ষেপকে সহজভাবে নেননি ব্যবসায়ীরা। তাই তাঁরা অন্য উপায় অবলম্বন করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ তেল আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলা কমিয়ে দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গত নভেম্বরে ৭৩ লাখ ৭০৪ টন ভোজ্যতেলের এলসি খোলা হলেও ডিসেম্বরের ২০ দিনে খোলা হয়েছে মাত্র সাত হাজার ২০ টন। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের দর পুনর্নির্ধারণসংক্রান্ত বৈঠকে এলসি পরিস্থিতি উপস্থাপন করা হয়েছে।ভোজ্যতেলের সার্বিক বিষয়ে তদারক করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে সাত সদস্যের যে কমিটি করা হয়েছে, সেই কমিটি গত বুধবার একটি প্রতিবেদন জমা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ব্যবসায়ীরা যে এলসি খোলা কমিয়ে দিয়েছেন, তাতে ভোজ্যতেলের সরবরাহ লাইনে সংকট দেখা দিতে পারে বলে প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে সয়াবিন তেলকে বোতলজাত করে বিক্রি করার সুপারিশ করা হয়। বলা হয়, ভোজ্যতেলের মধ্যে ৭০ শতাংশ পাম অলিন। শতভাগ সয়াবিন তেল বোতলজাত করে বিক্রির মাধ্যমে সয়াবিন ও পাম অলিনের মধ্যে পার্থক্য পরিষ্কার করা দরকার।চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, আগামী আড়াই মাস পর্যন্ত ভোজ্যতেলের মজুদ রয়েছে দেশে। মোট মজুদ দুই লাখ ১৫ হাজার ৮৮৩ টন। এ ছাড়া টিসিবির হাতে রয়েছে দেড় হাজার টন। চট্টগ্রাম প্রতিনিধি মাসুদ মিলাদ জানিয়েছেন, গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে ভোজ্যতেল ও চিনি আমদানি হয়েছে চাহিদার চেয়ে বেশি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত পাঁচ মাসে ভোজ্যতেল আমদানি হয়েছে সাত লাখ ২৪ হাজার টন। পেঁয়াজ: ভারত রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম কয়েক দফায় বেড়েছে কেজিপ্রতি ৩০ টাকা। গত তিন দিনে পেঁয়াজের দাম বাড়ার হার প্রায় ৫৫ শতাংশ। গতকালও কেজিপ্রতি ৮৫ থেকে ৯০ টাকা দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়। এক বছরে আমদানি করা পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে।তবে রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের ঝাঁজ একটু কমেছে। কিন্তু খুচরা বাজারে কোনো প্রভাব পড়েনি। গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ ১২ থেকে ১৪ টাকা পর্যন্ত কমেছে। অন্যান্য পেঁয়াজের দামও কমে এসেছে। শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক অসীম কুমার সাহা প্রথম আলোকে বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় হঠাৎ দেশের বাজারে দাম বেড়ে যায়। এ কারণে কৃষকেরা জমি থেকে বেশি পরিমাণে পেঁয়াজ তুলে বাজারে এনেছেন। শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম বলেন, এর মধ্যে ফরিদপুর ও রাজশাহী থেকে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে।প্রসঙ্গত, গত সোমবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তা বলবৎ থাকবে।বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক হবে। ওই বৈঠকে দামসহ পেঁয়াজের সার্বিক ব্যাপারে আলোচনা হবে।আটা: আটার দামও ক্রমাগতভাবেই বাড়ছে। গতকাল আটার দাম কেজিতে বেড়েছে এক টাকা। টিসিবির হিসাবেই গত এক মাসে আটার দাম বেড়েছে ১২ শতাংশ। খুচরা ব্যবসায়ীরা জানান, প্যাকেটজাত আটা কোম্পানিগুলো এক টাকা বাড়িয়ে ৩২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে গতকাল। এ জন্য খুচরায় প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৩৩-৩৪ টাকা। আটার দাম চালের কাছাকাছি চলে আসায় চালের চাহিদার ওপর চাপ পড়ে বলে বিভিন্ন দেশেই দেখা গেছে।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে গত পাঁচ মাসে চাল ও গম আমদানি হয় ১৮ লাখ ৪৪ হাজার টন। তবে বেশির ভাগই আমদানি হয়েছে সরকারিভাবে। এই হিসাবের মধ্যে অনুদানের এক লাখ ২০ হাজার টন গম রয়েছে। অর্থাৎ চাল-গমের সরবরাহে খুব বেশি ঘাটতি নেই।চিনি: বেশ কয়েক দিন স্থিতিশীল থাকলেও হঠাৎ করে চিনির দর কেজিপ্রতি এক টাকা বেড়ে গেছে গতকাল। ৫২ থেকে ৫৪ দরে বিক্রি হওয়া চিনি গতকাল বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৫ টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়েছে আট লাখ ৪৪ হাজার টন। সরকারি হিসাবে চিনির চাহিদা বছরে ১৪ লাখ টন ধরা হলেও চাহিদার তুলনায় আড়াই লাখ টন চিনি বেশি আমদানি হয়েছে। তার পরও বেড়েছে চিনির দর। মটর ডাল: বাজারে দাম বাড়ার তালিকা থেকে অনেক দিন দূরে ছিল মটর ডাল। এখন এর দরও বেড়েছে। খুচরা ২৬-২৭ টাকা দরের মটর ডালের দাম কেজিপ্রতি চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০-৩১ টাকায়। একইভাবে গোটা মটর ২৪-২৫ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৭-২৮ টাকায়।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, এ বছরের শুরুর দিকে চাহিদার চেয়ে বেশি পরিমাণ মটর ডাল আমদানি হওয়ায় আমদানিকারকেরা লোকসানে পড়েন। এখন সরবরাহের ঘাটতির সুযোগে এই পণ্যের দাম বেড়েছে।