নিয়ন্ত্রণহীন ভাসমান মৃত্যুদূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নৌপথে চলাচলকারী প্রায় ১০ হাজার বালুবাহী নৌযান বা বাল্কহেড কার্যত নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে। এগুলোর অর্ধেকের নিবন্ধন পর্যন্ত নেই। বেশির ভাগ চালকের নেই প্রশিক্ষণের সনদ বা ড্রাইভিং লাইসেন্স। প্রতিবছরই বাল্কহেডের ধাক্কায় নৌ-দুর্ঘটনায় প্রচুরসংখ্যক যাত্রী প্রাণ হারায়। কিন্তু দোষীদের শাস্তি হয় না। গত শুক্রবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘এম এল সারস’কে যে বাল্কহেডটি (ফিরোজা ফারজানা) ধাক্কা মারে, তার চালকেরও কোনো প্রশিক্ষণ ছিল না। এ ছাড়া লঞ্চটিও নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল। বাল্কহেড চালকদের আচরণ হয় সড়কপথের প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন বাস-ট্রাক চালকদের মতোই বেপরোয়া। বিশেষ করে রাতের অন্ধকারে এদের বেপরোয়া চালনার শিকার হয়ে প্রাণ হারায় নৌকা-খেয়া নৌকার মাঝি ও যাত্রীরা। হতাহতের সংখ্যা কম হলে অনেক ক্ষেত্রেই এসব দুর্ঘটনা ও মৃত্যুর খবর সংবাদপত্রে প্রকাশিত হয় না বা হিসাব থাকে না।যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের আহমদ প্রচুরসংখ্যক অবৈধ বাল্কহেড চলাচল করছে বলে স্বীকার করেন। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘বাল্কহেডের বিষয়ে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতেই হবে।’ প্রতিবছর বাল্কহেডের ধাক্কায় মানুষ মারা যাওয়ার পরও ব্যবস্থা নেওয়া হয় না কেন—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘বাল্কহেডের ধাক্কায় নিয়মিতভাবে দুর্ঘটনা ঘটলেও কিছু করা যাচ্ছে না। এগুলো নিয়ন্ত্রণের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরে পর্যাপ্তসংখ্যক পরিদর্শক ও জরিপকারক নেই। বছরের পর বছর পরিদর্শকের জন্য আমরা বলে আসছি। কিন্তু বিষয়টা ব্যুরোক্রেটিক চালে (আমলাতান্ত্রিক জটিলতা) পড়ে গেছে। তার পরও এবার একটা ব্যবস্থা করতেই হবে।’ সমুদ্র পরিবহন অধিদপ্তরে প্রধান পরিদর্শকসহ নয়টি পরিদর্শকের পদ রয়েছে। তিন বছর ধরে আছেন মাত্র চারজন পরিদর্শক। সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা বলেছেন, দরকার কমপক্ষে ২৫ জন। জরিপকারক আছেন মাত্র দুজন। তিনজন এ কাজ করেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে। নতুন জনবলকাঠামো অনুযায়ী প্রয়োজন ২০ জন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে প্রায় ১০ হাজার নিবন্ধিত নৌযানের মধ্যে বাল্কহেড রয়েছে প্রায় পাঁচ হাজার। এ ছাড়া অন্তত ১০ হাজার অবৈধ নৌযান চলাচল করছে, যেগুলোর প্রায় অর্ধেক বাল্কহেড। এগুলোর চালকদের কোনো সনদ নেই। বেপরোয়াভাবে চালানো তাঁদের অভ্যাস। বড় দুর্ঘটনা ঘটলে এঁরা গা ঢাকা দেন। গত বছরের মার্চে গজারিয়ারই চরকিশোরগঞ্জের অদূরে এমভি শরীয়তপুর-৩ দুর্ঘটনায় পড়ে বাল্কহেডের ধাক্কায়। লঞ্চটি তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেলে মারা যায় ১৪৬ জন। এম এল সারসের সমস্যা: শুক্রবার দুর্ঘটনাকবলিত এম এল সারস ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে অভিযোগ করা হয়েছে। লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শী যাত্রী ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেছেন। এ আকারের লঞ্চের যাত্রী ধারণক্ষমতা ৭০ জন বলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন। তবে নারায়ণগঞ্জ জরিপকারক কার্যালয়ের একটি সূত্র ধারণক্ষমতা আরও কম বলে জানায়। দাপ্তরিক নথি থেকে জানা যায়, ১৯৯৪ সালে নির্মিত এম এল সারসের দৈর্ঘ্য ১৭ দশমিক ০৮ মিটার, প্রস্থ ৪ দশমিক ৫৮ মিটার এবং গভীরতা ১ দশমিক ৩৮ মিটার। সূত্রমতে, এই আয়তনের লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত বিপজ্জনক। দুর্ঘটনার সময় এম এল সারস ছিল সুকানি আবদুল খালেক ও গ্রিজার (পরিচ্ছন্নতাকর্মী) বিল্লাল প্রধানের নিয়ন্ত্রণে। নারায়ণগঞ্জ জরিপকারকের দপ্তর থেকে লঞ্চটিকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এভাবেই চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিশেষ ব্যবস্থায় সুকানিদের সনদ দেওয়া যায়। শর্ত থাকে যে, পরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র লঞ্চটির নকশা নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, নকশা অনুযায়ী নির্মিত হলে এবং ক্ষমতা অনুযায়ী যাত্রী বহন করলে ছোট প্রাকৃতিক দুর্যোগ বা বাল্কহেডের ধাক্কায় লঞ্চ ডুবতে পারে না। কারণ, ৩৬ ডিগ্রি পর্যন্ত হেলেও লঞ্চ আবার সোজা হতে পারে। অনেক সময়ই নকশা অনুমোদন করিয়ে নিয়ে নিজেদের ইচ্ছামতো লঞ্চ নির্মাণ করা হয়।অভ্যন্তরীণ নৌ অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী কোনো নৌযানের ইঞ্জিনশক্তি ১১ থেকে ১৮৬ অশ্বশক্তি পর্যন্ত হলে দুজন তৃতীয় শ্রেণীর মাস্টার ও চালক থাকতে হবে। এমএল সারস এই পর্যায়ের নৌযান। সমুদ্র পরিবহন অধিদপ্তর নিজেরা সার্কুলার জারি করে উল্লিখিত জনশক্তি না থাকলেও ডিসপেনসেশন সনদ দিয়ে বিশেষ ব্যবস্থায় নৌযান চলার অনুমতি দিয়ে থাকে। তবে অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই সার্কুলার যাত্রীবাহী নৌযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।