নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্যের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কোতোয়ালি, লালবাগ ও সূত্রাপুর সার্কেলে রাসায়নিক দ্রব্য আমদানি-রপ্তানি ও মজুদ করার লাইসেন্স রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের। আর রাসায়নিক দ্রব্য থেকে পণ্য উত্পাদনের লাইসেন্স আছে ৭০টি প্রতিষ্ঠানের। কিন্তু এই ১১৬টি ছাড়াও পুরান ঢাকায় রাসায়নিক দ্রব্যের অবৈধ ব্যবসা করছে প্রায় দুই হাজার প্রতিষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, রাসায়নিক দ্রব্যের আমদানি-রপ্তানি ও ব্যবসার জন্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হয়। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, লাইসেন্স না নিয়েই রাসায়নিক দ্রব্যের ব্যবসা ও গুদামজাত করছেন বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান।ব্যবসায়ীদের সমিতি বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, সমিতির সদস্য ৬৪০ জন। সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, শুধু মিটফোর্ড এলাকায়ই সমিতির বাইরেও ব্যবসায়ী রয়েছেন এক হাজার ২৫০ জন। তিনি বলেন, তাঁদের মধ্যে প্রায় ১০ শতাংশ ব্যবসায়ী বিস্ফোরকজাতীয় রাসায়নিকের ব্যবসা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ ১৯৮৮ সালে ২৩টি রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করার কথা বলেছিল। এসব রাসায়নিক দ্রব্যের ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার রয়েছে। এগুলোর কোনো কোনোটি ভয়াবহ বিস্ফোরক ও মাদক তৈরিতে ব্যবহূত হয়। আবার ওষুধ তৈরিসহ শিল্প-কারখানার অত্যাবশ্যক কাঁচামাল হিসেবেও এগুলোর ব্যবহার রয়েছে। বাংলাদেশেও এসব রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এর মধ্যে বাংলাদেশে নয়টি রাসায়নিক দ্রব্য সবচেয়ে বেশি ব্যবহূত হয়। উদাহরণ হিসেবে তাঁরা বলেন, অ্যাসিটিক অ্যান হাইড্রাইট প্যারাসিটামল তৈরিতে ব্যবহূত হয়, আবার এটি দিয়ে হেরোইনও তৈরি করা যায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল জাব্বার বলেন, মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীরা অত্যন্ত অগোছালোভাবে রাসায়নিক দ্রব্য রাখেন। সেখানে দুটি রাসায়নিক পাশাপাশি ড্রামে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা যায়। এ থেকে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। তিনি বলেন, এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে হবে এবং তাঁদের আইনের আওতায় আনতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এ বলা হয়েছে, রাসায়নিক দ্রব্যের আমদানি, রপ্তানি, ব্যবসা ও ব্যবহার করতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। অধিদপ্তরের কর্মকর্তরা বলেছেন, কমপক্ষে ১৫টি শর্ত পূরণ করলে কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিস্ফোরক পরিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, আবেদনকারীর স্বভাব চরিত্র ভালো—এই মর্মে পুলিশের প্রত্যয়নপত্র। আবেদনকারীর নামে কোনো ফৌজদারি ও মাদকদ্রব্যের মামলা থাকলে তিনি লাইসেন্স পাবেন না। এ ছাড়া গুদামের নকশা, আমদানি-রপ্তানির লাইসেন্স, ওষুধ-সম্পর্কিত হলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স, ব্যাংকের আমানত সনদ, ঢাকা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, আয়কর সনদ ও দমকলের অগ্নিনির্বাপণ সনদ থাকা লাইসেন্স পাওয়ার শর্ত। মাদক নিয়ন্ত্রণ আইনে শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিল, পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শর্ত বা আইন ভঙ্গ হচ্ছে কি না, তা সঠিকভাবে দেখা হচ্ছে না। সরেজমিনে পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের বাজার ঘুরে দেখা গেছে, সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রাসায়নিক দ্রব্যের ব্যবসা ও ব্যবহার চলছে নিয়ন্ত্রণহীনভাবে।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, এসব দেখার জন্য মাত্র ১৪ জন পরিদর্শক আছেন, যা প্রয়োজনের তুলনায় কম। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, নিমতলীর মতো ঘটনা এড়াতে হলে রাসায়নিক দ্রব্যের বাজারের ওপর সরকারের নজরদারি জোরদার করা দরকার। নিয়মিত লাইসেন্স নবায়ন, লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠান লাইসেন্সের আওতায় আনা, কড়া নজরদারি, আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম ও কারখানা না রাখা, বন্দরে কড়া নজরদারি—এসব করা হলে রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।পুরান ঢাকার এপেক্স ফোমের বাণিজ্যিক ব্যবস্থাপক মামুনুর রহমান বলেন, প্রশিক্ষিত দক্ষ শ্রমিক ও কর্মকর্তা ছাড়া এবং অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে এই রাসায়নিক দ্রব্য ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক ও বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নিমতলীতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও সায়েন্স ল্যাবরেটরির বিজ্ঞানীদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করার দাবি জানান। এই কমিটি নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সরকার রাসায়নিক দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করবে। এখনই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নীতিমালার ভিত্তিতে তাঁদের কিছু যৌক্তিক সময় দেওয়ারও দাবি জানান তিনি।