নিয়ম নেই, তবু বিক্রি হচ্ছে প্লট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর এরশাদনগর বাস্তুহারা পুনর্বাসনকেন্দ্রের ৪ নম্বর ব্লকে একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন রুহুল আমিন। সরকারের বরাদ্দ দেওয়া ওই প্লট বিক্রি বা হস্তান্তরের নিয়ম নেই। কিন্তু ১০ বছর আগে ৩০ হাজার টাকায় প্লটটি বিক্রি করে সালনায় নিজ বাড়িতে চলে গেছেন তিনি। রুহুলের প্লট কিনে ঘর তুলে সপরিবারে বাস করছেন আবদুর রহিম। ঘরের পাশে দোকান করেছেন। রহিম আগে থাকতেন এরশাদনগরেই বাবা-ভাইদের সঙ্গে।এরশাদনগরে প্লট বরাদ্দ পাওয়া অনেকেই রুহুলের মতো প্লট খালি বা ঘরসহ বিক্রি করে দিয়েছেন। গত দুই বছরে প্লট বিক্রি অনেক বেড়েছে। ওয়ার্ড ও ব্লক পর্যায়ের মাতব্বরদের তদারকিতে ৫০ হাজার থেকে চার লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব প্লট। রেজিস্ট্রি দলিলের বদলে স্থানীয়ভাবে তৈরি দুটি চুক্তিনামামূলে এই বিকিকিনি চলছে।রুহুল আমিন বলেন, সরকারিভাবে বরাদ্দকৃত জমি হস্তান্তরের সুযোগ নেই বলে প্লট বেচাকেনার সময় দুটি চুক্তিনামা তৈরি করা হয়। এর একটি হচ্ছে প্লট দান করে যাওয়ার অঙ্গীকারনামা, অপরটি ক্রয়ের চুক্তিনামা। প্লট সম্পর্কে কেউ জানতে চাইলে প্রাথমিকভাবে দান করে যাওয়ার অঙ্গীকারনামা দেখানো হয়। প্লটের মালিকানা নিয়ে সমস্যা দেখা দিলে ক্রয়ের চুক্তিনামা দেখানো হয়।প্লটের ক্রেতা ও বিক্রেতা আবদুল মজিদ মিয়া বলেন, ‘নিয়মকানুন আমরা জানি না। এখানে কেউ সমস্যায় পড়লে আমাদের তা দেখতে হয়। এখানে মাতব্বরেরা আছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নেওয়া হয়।’এরশাদনগরের উন্নয়ন ও তদারকিতে নিয়োজিত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা এ প্রসঙ্গে জানান, সরকারিভাবে বরাদ্দ করা এসব প্লট বিক্রি কিংবা হস্তান্তরের বিধান নেই। এখানকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন একটি প্রকল্প নেওয়া হচ্ছে।টঙ্গী-গাজীপুর সড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ডের পাশে ১০১ একর জায়গায় গড়ে ওঠা এরশাদনগরে ব্লক রয়েছে আটটি। এর দুই দিকে দত্তপাড়া, এক দিকে চাঙ্গিরটেক ও অন্যদিকে টঙ্গী-গাজীপুর সড়ক। নগরের মাঝখানে আর চারপাশ ঘিরে রয়েছে একটি প্রধান সড়ক। কতগুলো সরু সড়ক ব্লকগুলোকে প্রধান সড়কের সঙ্গে সংযোগ করেছে। নগরে রয়েছে কিছু আধা পাকা ও কিছু কাঁচা ঘর। অধিকাংশ বাসা দুই কক্ষের।স্থানীয় বাসিন্দা চিকিৎসক আবুল খায়ের জানান, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানী ঢাকার ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের জন্য টঙ্গীর দত্তপাড়ায় জমি হুকুমদখল করে প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে এখানে আনেন। তখন এটি পরিচিত ছিল দত্তপাড়া পুনর্বাসনকেন্দ্র হিসেবে। এরশাদের আমলে এর নামকরণ করা হয় এরশাদনগর। ওই সরকারের গৃহীত গৃহনির্মাণ প্রকল্পের অধীনে এখানে কিছু ঘর নির্মাণ করা হলেও একপর্যায়ে তা থেমে যায়।এরশাদনগর টঙ্গী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওই ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের হিসাবে এরশাদনগরে বর্তমানে প্রায় এক লাখ মানুষ বাস করে।সরজমিন ঘুরে ও অনুসন্ধানে জানা যায়, এরশাদনগরে ভূমিহীন ব্যক্তিদের প্লট বরাদ্দ দিয়ে পুনর্বাসন করা হয়েছিল। এসব প্লট বেচাকেনার নিয়ম নেই। কিন্তু সেখানকার অনেক প্লটই বিক্রি বা হাতবদল হয়েছে। যেমন ২ নম্বর ব্লকে প্লট থাকার পরও আবদুল মজিদ মিয়া একই ব্লকে তাঁর নিকটাত্মীয়র নামে বরাদ্দ প্লট ঘরসহ এক লাখ ২০ হাজার টাকায় কিনে কিছু দিন পর দেড় লাখ টাকায় বিক্রি করেন। একই ব্লকের আনিছ মাস্টার প্লট বেচে গ্রামে চলে গেছেন। ২ নম্বর ব্লকেরই আলম মিয়ার প্লট কিনেছেন আমীর বাবুর্চি। একই ব্লকের জনি মিয়ার প্লট মো. জুয়েল ও মো. হানিফের প্লট আবুল হোসেন। ১ নম্বর ব্লকের সফিক মিয়ার প্লট কিনেছেন আবদুর রহিম। ৪ নম্বর ব্লকের ইসহাক মিয়ার প্লট জামাল উদ্দিন কিনেছেন। প্লট বেচে অন্যত্র বা গ্রামের বাড়ি চলে গেছেন ৩ নম্বর ব্লকের জিয়া উদ্দিন, আলী মিয়াসহ আরও অনেকে।জানা যায়, মুক্ত মিয়ার নামে বরাদ্দ প্লট ঘরসহ দুই বছরের জন্য ৬০ হাজার টাকায় বন্দক নিয়ে সপরিবারে বাস করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভূমিহীন আবদুল বাতেন।স্থানীয় লোকজন জানান, শুরুতে ভূমিহীন হিসেবে প্লট পাওয়া অনেকেই পরে অন্যত্র বাড়ি করেছেন। অনেকের আবার এরশাদনগরে একাধিক বাড়ি রয়েছে। এঁরা এলাকার মাতব্বর হিসেবে পরিচিত। প্লট বেচাকেনাসহ নগরের সব কর্মকাণ্ড এরাই নিয়ন্ত্রণ করেন। এঁদের মধ্যে রয়েছেন টঙ্গী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা, টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ১২ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির নেত্রী নূর জাহান বেগম, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হানিফ মাহমুদ, থানা যুবলীগের আবদুর রশিদ মিয়া, সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম মাস্টার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল আলম, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান, নূরুল হক, আবদুল হক ও হামজা মিয়া।এঁদেরই একজন স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, মানুষের অবস্থা তো বদলাবেই। যাঁরা কিছু টাকা জমাতে পেরেছেন, তাঁরা বাইরেও বাড়ি করেছেন। বিভিন্ন সমস্যার কারণে অনেকে প্লট হস্তান্তর করে অন্যত্র চলে যাচ্ছেন। সবাই যে সারা জীবন এখানে থাকবেন, এমন কোনো কথা নেই। একজনের প্লট আরেকজনকে দিয়ে যান, এটাকে বিক্রি বলা যায় না।এখানকার প্লট বিক্রি করে অন্যত্র চলে যাওয়া একজন জানান, সরকারিভাবে বরাদ্দ করা জমি হস্তান্তরের সুযোগ নেই বলে বিক্রির সময় ওই দুটি চুক্তিনামা করা হয়। প্লট সম্পর্কে কেউ জানতে চাইলে প্রাথমিকভাবে দান করার অঙ্গীকারনামা দেখানো হয়। এটিই এরশাদনগরের নিয়ম।নীতিমালা অনুযায়ী এরশাদনগরে ভূমিহীন মানুষের জন্য বরাদ্দ করা প্লট বেচাকেনার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা ডিভিশন-২-এর উপবিভাগীয় প্রকৌশলী পরিমল কুমার কুরি বলেন, প্লট হস্তান্তর প্রতিরোধে এর আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে অবৈধভাবে অনেক লোক বাস করছে। তিনি বলেন, ‘ঢাকা-গাজীপুর সড়কের পাশে এরশাদনগর। তাই এখানকার জমির ব্যাপক চাহিদার কারণে নানা সংকট সৃষ্টি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সেখানে আরও একটি প্রকল্প নিয়েছি। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে।’১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান বলেন, এরশাদনগরের প্লট বেচাকেনা সম্পূর্ণ স্থানীয়ভাবে হচ্ছে। বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কাছে জমি বা প্লটের কাগজপত্র না থাকায় রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বেচাকেনার সুযোগ নেই। মালিক হিসেবে তাঁদের কাছে একটি টোকেন রয়েছে। কাগজপত্রের মাধ্যমে এই টোকেন হস্তান্তর করা হয়। শুরুতে ভূমিহীন মানুষের নামে প্লট বরাদ্দ হলেও এরশাদনগরে কারা থাকবে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই।