নিয়ম ভাঙার জন্য ‘দ্য হার্ট লকার’ ছবির প্রযোজককে শাস্তি দিল অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিষয়ক ছবি দ্য হার্ট লকার এবারের অস্কারে সেরা ছবির জন্য মনোনয়ন পেলেও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাজির হওয়ার অধিকার হারিয়েছেন ছবিটির প্রযোজক নিকোলাস শারতিয়ার। বিবিসি জানায়, একাডেমির নিয়ম ভাঙার জন্য তাঁকে এ শাস্তি দেওয়া হচ্ছে। এবারে ছবির তালিকায় অবতার-এর মতো ছবি থাকার কারণে প্রযোজক নিকোলাস শারতিয়ার ভোটারদের কাছে ই-মেইলে তাঁর ছবিটিকে সেরা ছবি হিসেবে ভোট দেওয়ার অনুরোধ জানান।একাডেমির নিয়ম অনুযায়ী একটি ছবিকে সমর্থন বা অবজ্ঞা করার জন্য কোনো মেইল করা যাবে না।যদিও দ্য হার্ট লকার সেরা ছবি হিসেবে অস্কার পেয়েও যায়, তবে শারতিয়ারকে পরবর্তী কোনো এক তারিখে পুরস্কারের স্টেচুটি তুলে দেওয়া হবে।শারতিয়ার গত ফেব্রুয়ারিতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের কাছে করা তাঁর মেইলে দ্য হার্ট লকার ছবিটিকে একটি ৫০০ মিলিয়ন ডলারের ছবি, অর্থাত্ অবতার-এর বদলে বেছে নিতে অনুরোধ জানান।পরে লস অ্যাঞ্জেলেস টাইমস-এ প্রকাশিত শারতিয়ারের একটি মেইলে দেখা যায়, সেরা ছবি হিসেবে অস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১০টি ছবির মধ্যে শারতিয়ার তাঁর ছবিটিকে এক নম্বরে এবং অবতারকে ১০ নম্বরে রাখার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন।প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া শারতিয়ার পরে অবশ্য একাডেমির নিয়ম ভাঙার জন্য ক্ষমা চেয়েছেন।