নিয়ম ভেঙে থানাহাজতে রাখা হচ্ছে শিশুদের
অপরাধের সূত্রে কোনো শিশুকে গ্রেপ্তার করলেও থানায় রাখার নিয়ম নেই। আদালতে হাজির করা পর্যন্ত তাকে থানার বাইরে সবচেয়ে নিরাপদ স্থানে রাখার কথা। কিন্তু কোনো থানাই এ নিয়ম মানে না। আটক শিশুদের অভিযুক্ত নারী-অপরাধীদের সঙ্গে এক হাজতে রাখা হয়। সম্প্রতি রাজধানীর কয়েকটি থানায় সরেজমিনে গিয়ে হাজতখানার বাইরের দেয়ালে ‘মহিলা ও শিশুদের হাজত’ লেখা দেখা গেছে।আইনজ্ঞ ও মনোবিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের অপরাধকর্মে লিপ্ত নারীদের সঙ্গে রাখা তাদের মানসিক স্বাস্থ্যের অনুকূল নয়। শিশু-অভিযুক্তদের তত্ত্বাবধানকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ঢাকা জেলার প্রবেশন কর্মকর্তা বলেছেন, এ নিয়ম যে মানা হচ্ছে না তা তাঁর জানা নেই।এমনকি দেশের সব জেলায়ও এই গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নেই। মাত্র ২২টি জেলায় প্রবেশন কর্মকর্তা রয়েছেন।শিশু আইন, ১৯৭৪-এর ৪৮ ধারায় বলা আছে, অভিযুক্ত শিশুকে আদালতে হাজির করতে সমস্যা দেখা দিলে তাকে থানায় আটক না রেখে ‘নিরাপদ স্থানে এবং নিরাপদ ব্যক্তির অধীনে’ রাখতে হবে। বাস্তবায়ন না হওয়ায় গত দুই বছরে হাইকোর্টও এই আইন মানতে একাধিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।আইনগতভাবে বাংলাদেশে ১৬ বছর পর্যন্ত বয়সীদের শিশু গণ্য করা হয়। ঢাকার মিরপুর, শেরেবাংলা নগর, তেজগাঁও, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় গিয়ে দেখা গেছে, প্রতি থানায়ই একটি পুরুষ হাজত ও একটি নারী-হাজত রয়েছে। কর্তব্যরত পুলিশ জানিয়েছে, শিশুদের নারীদের সঙ্গে এক হাজতে রাখা হয়। কোনো কোনো থানায় হাজতের বাইরের দেয়ালে ‘নারী ও শিশুদের হাজত’ লেখা দেখা গেছে। এ বিষয়ে কথা বলতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরুষ আসামি থেকে তাদের আলাদা রাখি। মহিলাদের কাছে তারা নিরাপদ বলেই এ ব্যবস্থা করা হয়েছে।’ এ দাবির পাল্টা যুক্তি দেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে যৌনকর্মী ও মাদকবিক্রেতা নারীদের থানার হাজতে রাখা হয়। শিশুর জন্য এরা নিরাপদ হয় কী করে!’নারী ও শিশুকে এক হাজতে রাখাকে উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখেন সালমা আলী। তিনি বলেন, ‘বাংলাদেশে ১৬ বছর পর্যন্ত সবাইকে শিশু বিবেচনা করা হয়। ফলে একদিকে ১৬ বছরের শিশুকে (ছেলেশিশু) পুরুষদের হাজতে রাখা যাচ্ছে না, আবার মহিলাদের সঙ্গে রাখাও অস্বস্তিকর।’রাজধানী ঢাকার কয়টি থানায় শিশুদের জন্য ব্যবস্থা আছে—এ প্রশ্নের জবাবে প্রবেশন কর্মকর্তা নাম না প্রকাশের অনুরোধ করে বলেন, ‘থানা ও আদালতের হাজতে শিশুকে রাখার জন্য পৃথক কক্ষ থাকার কথা থাকলেও সেটা এখন পর্যন্ত নেই। কিন্তু নতুন যে থানাগুলো হচ্ছে সেখানে আছে।’তুলনামূলকভাবে নতুন শেরেবাংলা নগর থানায়ও শিশুদের রাখার আলাদা ব্যবস্থা নেই। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, ‘শিশুদের জন্য আলাদা হাজত নেই, মহিলাদের সঙ্গে এক হাজতেই তাদের রাখা হয়।’ তেজগাঁও থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, থানায় শিশুদের রাখার নিয়ম নেই সেটা তিনি জানেন। তাহলে অভিযুক্ত শিশুকে কোথায় রাখেন এ প্রশ্নে তিনি বলেন, ‘আদালতে নেওয়ার আগে পর্যন্ত সরকারি ভবঘুরে কেন্দ্রে রাখা হয়। পরবর্তী সময়ে সে কোথায় থাকবে সেটা আদালত নির্ধারণ করেন।’ গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে একাধিকবার আদালত শিশুর হেফাজতের বিষয়ে আইনের পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৮ সালে যশোরে আট বছরের এক শিশু এবং ২০০৯ সালের মার্চে সিলেটে নির্যাতনের শিকার সাত বছরের শিশুকে নিরাপদ হেফাজতে রাখার যুক্তিতে বাবা-মা থেকে বিচ্ছিন্ন করে রাখার বিরোধিতা করেন হাইকোর্ট। সংশ্লিষ্ট শিশুটি কার সঙ্গে থাকতে চায় তা বিবেচনায় নিতেও আদেশ দেন উচ্চ আদালত। হাইকোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন বলেন, ‘কোনোভাবেই শিশুকে থানায় রাখা যাবে না। আটক করা শিশুর নিরাপদ স্থানে রাখার দায়িত্বে নিয়োজিত প্রবেশন কর্মকর্তাই যদি বিষয়টি না জানেন, সে ক্ষেত্রে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবেই।’রাজধানীর ৪১টি থানা অভিযুক্ত শিশু সম্পর্কে কোনো অভিন্ন আইন মানছে না। শিশুদের থানা হাজতে রাখা না-রাখার বিষয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয় তারা। এটাকে শিশুদের সম্পর্কে ‘খামখেয়ালি আচরণ’ ছাড়া অন্য কিছু বলতে রাজি নন বিচারপতি গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল আচরণ করতে শিখতে আরও কিছুটা সময় লাগবে।’ আইন-পরিপন্থী কাজ যারা করছে তাদের সম্পর্কে তাঁর মন্তব্য, ‘তাঁরা হয় আইন পড়েন না কিংবা আইন পড়েও মানেন না।’স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শিশুদের তো অন্য অপরাধীদের সঙ্গে না রাখারই কথা। ...আনঅ্যাভয়েডেবল (অনিবার্য) কারণে তা করা হয়ে থাকতে পারে।’ মডেল থানাগুলোয় সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পর্যায়ক্রমে অন্য থানাগুলোয় তা সম্প্রসারিত করা হবে।