নিয়ম ভেঙে প্লট হাতবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে এলে এখন লোকজন সবচেয়ে বেশি সমুদ্রে নামে সুগন্ধা পয়েন্ট দিয়ে। এই জায়গার পাশে কক্সবাজার হোটেল-মোটেল জোনের বাঁ দিকের দ্বিতীয় প্লটটি (সড়ক-১, প্লট-১৪) বরাদ্দ ছিল বিএনপির নেতা, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীনের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) শোয়েব মোরশেদ ফারুকির নামে। ২০০৪ সালের ৯ ফেব্রুয়ারি এক একর ২০ শতাংশ আয়তনের এই প্লটের ইজারা চুক্তি সম্পাদিত হয় এবং একই দিনে জেলা প্রশাসন জায়গাটি শোয়েবকে বুঝিয়ে দেয়।১৯ দফা ইজারা চুক্তির ৪ নম্বর শর্তে বলা আছে, সরকারের পূর্বানুমতি ছাড়া এই প্লট কাউকে হস্তান্তর করা যাবে না। ১১ নম্বর শর্তে আছে, জমি হস্তান্তরের এক বছরের মধ্যে ইজারাগ্রহীতাকে হোটেল-মোটেলের নির্মাণকাজ শুরু করতে হবে এবং তিন বছরের মধ্যে তা শেষ করতে হবে।জানা যায়, শোয়েব প্লট বুঝে পাওয়ার কয়েক মাসের মধ্যে তা ঢাকার এক ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন। সাত-আট মাস রাত-দিন কাজ করে এখন ১০ তলার কাঠামো তৈরি হয়েছে। গতকাল দুপুরে সেখানে গিয়ে ‘হোটেল ক্রাউন প্যাসিফিক’ লেখা বিশাল সাইনবোর্ড দেখা যায়। জানতে চাইলে শোয়েব মোরশেদ ফারুকি প্রথম আলোকে বলেন, ‘প্লটের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে ২০০৪ সালেই আমি প্লটটি ঢাকার এক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছি। এখন শুনছি, হাইকোর্ট প্লট বাতিল করেছেন।’ ইজারার প্লট বিক্রির নিয়ম নেই, কীভাবে বিক্রি করলেন? জবাবে তিনি বলেন, ‘সেটা ক্রেতাই ভালো বুঝবে।’সরেজমিন ঘুরে জানা যায়, প্লটগ্রহীতারা সবাই বিএনপির নেতা এবং প্রভাবশালী ব্যবসায়ী। বিএনপি আমলে এসব প্লট বরাদ্দের সময় কোনো নিয়ম মানা হয়নি। আবার প্লট পাওয়ার পরও শর্ত মানেননি তাঁরা। সরকারের কাছ থেকে ৩০-৪০ লাখ টাকায় প্লট নিয়ে তাঁরা কোটি টাকায় বিক্রি করেছেন বলে জানা যায়।কক্সবাজার জেলার জিলংজা মৌজার সাগরপাড়সংলগ্ন হোটেল-মোটেল এলাকায় গত দুই দিন সরেজমিনে ঘুরে জানা যায়, বরাদ্দ দেওয়া ৫৯টি প্লট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৫১টিই এখন খালি পড়ে আছে। এগুলোর বেশির ভাগ বিক্রি হয়ে হাতবদল কিংবা ভাড়া দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গের কারণে জেলা প্রশাসক এসব প্লটের বরাদ্দ বাতিল করেন। এরপর প্লটগ্রহীতারা রিট করলে গত বৃহস্পতিবার (২২ জুলাই, ২০১০) হাইকোর্ট ৩৯টি রিট খারিজ করে রায় দেন। এর ফলে জেলা প্রশাসকের বাতিল আদেশ বৈধ থাকল। বাকি রিটের চূড়ান্ত শুনানি শেষ হয়নি।কোনো কোনো প্লটের বিপরীতে (যেমন, কলাতলী সড়কের ১৫ নম্বর প্লট) কোটি টাকা ব্যাংকঋণ নিয়ে তা অন্য জায়গায় বিনিয়োগ করা হয়েছে। বর্ষায় পানি জমে ২০-৩০টি প্লট এখন ডোবার আকার নিয়েছে।এলাকা ঘুরে দেখা যায়, নিয়ম লঙ্ঘন করে আমিন মোহাম্মদ হাউজিং, হাইপেরিয়ান, চট্টগ্রামের ইপিকের মতো কিছু ডেভেলপারের সঙ্গে প্লটগ্রহীতার অংশীদারির ভিত্তিতে ভবন নির্মাণের চুক্তি হয়েছে। এসব ডেভেলপার প্লট ও হোটেল কক্ষ বিক্রির প্রচারসংবলিত বড় বড় সাইনবোর্ড টাঙিয়েছে প্রকল্প এলাকায়।চন্দনাইশের বিএনপির নেতা ও কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি নুরুল আবছার তাঁর প্লটটি বিক্রি করেছেন চট্টগ্রামের ইপিক ডেভেলপারের কাছে। ইপিকের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই কোটি টাকা দিয়ে জায়গা নিয়েছি। সেখানে আরও ছয়-সাত কোটি টাকা বিনিয়োগ করেছি। এখন প্লট বাতিল হওয়ায় আমরা বড় বেকায়দায় আছি।’নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘সরকার সময়মতো রাস্তাঘাট না করায় আমরা নির্মাণকাজ শুরু করতে পারিনি। এ ছাড়া সাগরে প্লট চলে যাবে—এ আশঙ্কায় বাণিজ্যিক ব্যাংক আমাদের ঋণ দেয়নি। এসব কারণে আমরা নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করতে পারিনি। তাই বাধ্য হয়ে ডেভেলপারকে দিয়েছি।’কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা যাকে প্লট বরাদ্দ দিয়েছি, তাকেই মালিক বলব। কোনো ডেভেলপার কাজ করলে তারা ফ্ল্যাট কিংবা হোটেল কক্ষ বিক্রি করতে পারবে না। কারণ, বিক্রির নিবন্ধন আমাদের কাছ থেকেই নিতে হবে।’ তিনি স্বীকার করেন, কিছু প্লট ইজারাগ্রহীতা ইতিমধ্যে অনেক ডেভেলপারের সঙ্গে চুক্তি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন।প্লট পেয়েছিলেন বিএনপির নেতারা: কক্সবাজার জেলা প্রশাসনের দপ্তরে থাকা দলিলপত্র ঘেঁটে দেখা যায়, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট ৮৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সর্বাধিক তিনটি প্লটও অনেকে (তিন-চার একর) পেয়েছেন। সব প্লটই পেয়েছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং হাওয়া ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুধু একটি প্লট পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি নুরুল আমিন।বিএনপির নেতাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সল মোরশেদ খানের নামে তিনটি প্লট (সড়ক নম্বর-২, প্লট নম্বর-৪১, ৪৩ ও ৪৫) বরাদ্দ দেওয়া হয়। একটি করে প্লট পান বিএনপির সাবেক সাংসদ আশরাফ হোসেন, মহেশখালীর সাবেক সাংসদ আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার সদর আসনের বিএনপির বর্তমান সাংসদ লুৎফর রহমান (কলাতলী রোড, প্লট-১০), চট্টগ্রাম-৮ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ব্যবসায়ী শামসুল আলম (রোড-৩, প্লট-৩৪), সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম (রোড-২, প্লট-৮), হাওয়া ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী বাবুল কাজী (রোড নম্বর-১, প্লট-১৫), ব্যবসায়ী কাজী সলিমুল হক (কলাতলী রোড, প্লট-১৮) এবং ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন নবী (সড়ক-২, প্লট-১২)। এসব প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। ফয়সল মোরশেদ খানের তিনটি প্লট এক করে ভাড়া দেওয়া হয়েছে।এ ছাড়া সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ১৪টি প্লট বরাদ্দে প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। তিনি একটি করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন তাঁর স্ত্রী বেগম হাসিনা আহমদ (সড়ক-১, প্লট-৯), সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) গিয়াস উদ্দীন আহমদ (সড়ক-২, প্লট-২০), সাবেক স্থানীয় প্রেস সচিব ইকরাম চৌধুরী, স্থানীয় বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজুল হক, চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, কক্সবাজার জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক এ টি এম নুরুল বশর চৌধুরীর নামে।সালাহ উদ্দিনের ব্যবসায়িক বন্ধু আবু ইউসুফ মো. আবদুল্লাহর নামে দুটি, কাজী শামসুজ্জমান দুটি, বাসের আহমদ খান তিনটি, আকতার মাহমুদের নামে তিনটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া উখিয়ার বিএনপির সাবেক সাংসদ মো. শাহজাহান চৌধুরী দুটি প্লট নিয়েছেন তাঁর স্ত্রী শাহীন চৌধুরী ও ফুফাতো ভাই ব্যবসায়িক ঠিকাদার মুকতার আহমদ চৌধুরীর নামে। সালাহ উদ্দিনের স্ত্রীর বাদে অন্য সব প্লটের বরাদ্দ হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। এই প্লটে প্রাসাদ প্যারাডাইস নামের হোটেল বানিয়েছেন আবু ইউসুফ আবদুল্লাহ।যোগাযোগ করা হলে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘১৪টি কেন, একটি প্লটও আমার নামে নেই।’ স্ত্রীর নামে প্লট থাকার কথা স্বীকার করে তিনি বলেন, এটি অনেক আগের প্লট। নিয়ম অনুযায়ী সেটি বিক্রি করা হয়েছে। আর অন্য নেতা বা ব্যবসায়ীদের প্লট নিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।জেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, তখন দলের চাপে এত বেশি প্লট বরাদ্দ দিতে হয়েছে, যার অনেকগুলো ছিল সমুদ্রের পানিতে। কাগজপত্রে প্লট দেখানো হলেও এসবের অস্তিত্ব ছিল না। প্রশাসন এখন এসব প্লট সাগরে বিলীন হয়ে গেছে বলে দলিলপত্রে লিপিবদ্ধ করেছে।জানা গেছে, আওয়ামী লীগ সরকার গঠনের পর এসব প্লট বরাদ্দের অনিয়ম উদ্ঘাটন করতে ২০০৯ সালের আগস্টে আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরপর তিনটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের তৎকালীন সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামপদ দের নেতৃত্বে ১১ সদস্যের অপর কমিটি একই ধরনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। তার আগে পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির একটি উপকমিটিও বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনে চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ৮৭টি প্লটের মধ্যে ৫৯টি বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে হোটেল-মোটেল তৈরি হওয়ায় ২৮টি প্লট বাতিল করা হয়নি। এই ২৮টির মধ্যে ১৩টিতে হোটেল চালু আছে। বাকি ১৫টিতে নির্মাণকাজ শুরু হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যে ৫৯টি প্লটের বরাদ্দ বাতিলের সুপারিশ করি, তার ১১টি সাগরগর্ভে বিলীন হয়ে গেছে।’বাতিল তালিকায় অন্তর্ভুক্ত একটি প্লটের মালিক ও স্থানীয় বিএনপির সাংসদ লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। কারণ, দেশে জরুরি অবস্থা জারির পর আমরা দুই বছর কাজ করতে পারিনি। সরকার রাস্তাঘাট করেনি, সময়মতো গ্যাস-বিদ্যুতের অনুমতি দেয়নি। আমাদের প্লটগুলো অন্যায়ভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’