নিয়ম মেনে ঋণ নেওয়ার দাবি হলমার্কের জিএমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ দাবি করেছেন, সব নিয়ম মেনেই ঋণ নিয়েছেন তাঁরা। এ জন্য কোনো তদবির করেননি। উচ্চপর্যায়ের কারও সুপারিশও ছিল না। হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় আজ বুধবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তুষার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান। আজ সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি দুদক কার্যালয়ে যান। দুদকের উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদ করে। বেলা পৌনে দুইটার দিকে তিনি সেখান থেকে বের হন। হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেন, কোনো রাজনীতিবিদের সঙ্গে তাঁর সুসম্পর্ক নেই। হলমার্কের বিরুদ্ধে করা জালিয়াতির সব ধরনের অভিযোগ ভিত্তিহীন। নিয়ম মেনেই ৩৪টি প্রতিষ্ঠানের বিপরীতে তাঁরা ঋণ নিয়েছেন। তুষার আহমেদ জানান, গতকাল মঙ্গলবার তাঁরা টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সোনালী ব্যাংকের নোটিশ পেয়েছেন। আজ হলমার্ক কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের মালিক তানভীর মাহমুদ জালিয়াতির মাধ্যমে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা তুলে নিয়েছেন। এই অভিযোগ সম্পর্কে জানতে গত রোববার হলমার্ক গ্রুপের মালিক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিন ইসলাম এবং মহাব্যবস্থাপক তুষার আহমেদকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তানভীর মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, মৃত্যুর আগে তিনি সরকারি ব্যাংকের সব ঋণ পরিশোধ করে দেবেন।এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদুক। গত রোববার দুদক কমিশনার বদিউজ্জামান জানিয়েছিলেন, বিদেশ থেকে তৈরি পোশাকসামগ্রী আমদানি-রপ্তানির কথা বলে এলসির বিপরীতে ভুয়া কাগজপত্র দিয়ে হলমার্ক ওই টাকা হাতিয়ে নেয়। হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়মবহির্ভূতভাবে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ওই টাকার কত অংশ বিদেশে পাচার করা হয়েছে, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।