নিয়ম মেনে লিখলেই ভালো নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী অধ্যাপকঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা বিষয়ে পাস নম্বর পাওয়া যেমন সহজ, তেমনই এ+ পাওয়া কঠিন। ভালো করে প্রস্তুতি নিলে এ+ পাওয়া সহজ হবে। প্রথম পত্রে বিষয়ভিত্তিক প্রশ্নগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক। সেই সঙ্গে ব্যাখ্যা, বড় প্রশ্ন ও সারমর্ম লেখার ক্ষেত্রেও যত্নশীল হতে হবে। যথাযথ উত্তর লিখতে হবে: বাংলা প্রথম পত্রের প্রশ্ন সাধারণত বইয়ের অনুশীলনী থেকে করা হয়ে থাকে এবং কমন পড়া নিয়েও কোনো সমস্যার সৃষ্টি হয় না। সে ক্ষেত্রে ভালো নম্বর পেতে হলে গদ্য, কবিতা ও উপন্যাসটি কয়েকবার পড়ে নিতে হবে। বিগত তিন-চার বছরের প্রশ্ন দেখে একটা সাজেশন তৈরি করে নিয়ে প্রশ্নের গুরুত্ব অনুযায়ী উত্তরগুলো ধারাবাহিকভাবে নোট করে নিতে হবে। প্রশ্নোত্তরে সৃজনশীলতা থাকা অত্যন্ত জরুরি। উত্তরের উৎকর্ষ বিচারের ক্ষেত্রে বিষয়বস্তুর সঙ্গে উপস্থাপনা ভঙ্গিটিও সমধিক গুরুত্ব বহন করে। একটি সাধারণ বিষয়কেও মনোরম উপস্থাপনার মাধ্যমে অভিনব রূপ দেওয়া যায়। সে জন্য প্রশ্নোত্তরের ক্ষেত্রে বিষয়বস্তু এবং প্রকাশভঙ্গি—দুটি বিষয় সমধিক গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে প্রকাশ হয় একজন পরীক্ষার্থীর রচনারীতি বা স্বকীয়তা।মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির উত্তর লেখার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, অপ্রাসঙ্গিক (অমার্জিত, অবাঞ্ছিত) বিষয় যেন আলোচনায় না আসে। ‘কুবের’ কিংবা ‘কপিলা’ চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত। এ ছাড়া যেকোনো প্রশ্নের ভূমিকা ও উপসংহার আকর্ষণীয় হওয়া প্রয়োজন। প্রশ্নোত্তর তৈরির কৌশল: বড় প্রশ্নের উত্তরগুলো যত দূর সম্ভব ভালো করে লেখার চেষ্টা করতে হবে। পরীক্ষার হলে গিয়ে চিন্তা করে গুছিয়ে লেখার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে না। কারণ, একটা বড় প্রশ্নের জন্য সর্বোচ্চ ১৭ থেকে ১৮ মিনিট ব্যয় করা যাবে। গদ্য অংশের প্রবন্ধের উত্তর লেখার সময় মূল বই থেকে তথ্য নিয়ে লিখলে উত্তরটি যথাযথ ও প্রাসঙ্গিক হবে। ‘গল্প’ থেকে উত্তর লেখার সময় নানাভাবে সাজিয়ে সুন্দর ও আকর্ষণীয় করে লেখা যায়। কবিতাংশের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে। ‘উপন্যাস’ অংশের (পদ্মা নদীর মাঝি) প্রশ্ন লেখার সময় আবেগ-উচ্ছ্বাস পরিহার করে মার্জিত, শালীন ও যথাযথ উত্তর লিখতে হবে। ভাষাভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এমনভাবে উত্তরটি লিখতে হবে, যেন পুরো নম্বরই চলে আসে। বিষয়ভিত্তিক প্রশ্ন ও ব্যাখ্যার গুরুত্ব কোনো অংশে কম নয়। শিরোনাম ব্যবহার না করে তিনটি প্যারা করে উত্তর লিখতে হবে। মনে রাখতে হবে, ৫ নম্বরের মধ্যে যেন সাড়ে তিন থেকে চার নম্বর পর্যন্ত পাওয়া যায়। সময়ের ব্যাপারটিও মাথায় রাখতে হবে। কোনোভাবেই যেন একটি উত্তরও বাদ না যায়।সারাংশ/সারমর্ম: সারাংশ/সারমর্ম লেখার সময় উদ্ধৃত অংশটি মনোযোগ সহকারে কয়েকবার পড়ে নিতে হবে। উত্তরটি লেখার সময় মূল অংশের দৃষ্টান্ত, উপমা, অলংকার এবং অপ্রয়োজনীয় কথা বাদ দিতে হবে। সেই সঙ্গে কোনো প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন থাকলে সেগুলো পরিহার করতে হবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবটি বুঝে নিয়ে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, গদ্য, রচনা/কবিতাংশের মূল বক্তব্য সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করাই হচ্ছে সারাংশ লিখন। সারাংশ/সারমর্ম লেখায় ১০ নম্বর থাকায় এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া অবশ্যক।ব্যাখ্যা লিখতে সতর্কতা: ব্যাখ্যা লিখতে উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ, মন্তব্য ইত্যাদি শিরোনাম ব্যবহারের প্রয়োজন নেই। শুধু চারটি প্যারায় লিখলেই চলবে। উৎস লিখতে সাধারণত ভুল কমই হয়, তবে গল্প/কবিতা/প্রবন্ধের নাম এবং লেখক/কবির নামের বানান যেন নির্ভুল হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।ভাষাভিত্তিক প্রশ্নোত্তর: বাংলা প্রথম পত্রে খুব বেশি ভাষাভিত্তিক প্রশ্ন নেই। তবে ১০ নম্বর এ+ পাওয়ার জন্য কম গুরুত্বপূর্ণ নয়। গদ্য-কবিতার অনুশীলনীর ভাষাভিত্তিক প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরির পর মুখস্থ করে দু-তিনবার লিখে নেবে, যাতে কোনোভাবেই ভুল না হয়।জেনে নাও গুরুত্বপূর্ণ বিষয়: ১. উত্তরটি প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া, ২. উত্তরের ভূমিকা ও উপসংহারটি আকর্ষণীয় হওয়া, ৩. প্রয়োজনীয় উদ্ধৃতি ব্যবহারে লেখাটি তথ্যসমৃদ্ধ করে তোলা, ৪. শব্দ ব্যবহারের ক্ষেত্রে বৈচিত্র্য থাকা, ৫. পরীক্ষকের দৃষ্টি আকর্ষণের জন্য প্রয়োজনীয় অলংকার প্রয়োগে উত্তরটির উৎকর্ষ বাড়ানো, ৬. বানানের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকা, ৭. হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হওয়া ৯. উত্তরটি সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা।