নিয়ম রক্ষার কাউন্সিল করছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের বেশির ভাগ কমিটির কাউন্সিল করতে না পারার ব্যর্থতা নিয়েই ক্ষমতার চলতি মেয়াদে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কাউন্সিল করতে যাচ্ছে আওয়ামী লীগ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে, আইনি বাধ্যবাধকতা ও নিয়ম রক্ষার এই কাউন্সিলে দলীয় নেতৃত্বে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরও পদপ্রত্যাশীরা নানা চেষ্টা-তদবির চালাচ্ছেন।রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের আয়োজন করা হবে। তার আগে ২৭ ডিসেম্বর একই স্থানে ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হবে। কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে এরই মধ্যে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে তিন বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে। ২০০৯ সালের ২৪ জুলাই দলটির সর্বশেষ কাউন্সিল হয়। আর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, রাজনৈতিক দলের গঠনতন্ত্রে উল্লিখিত মেয়াদের মধ্যে কাউন্সিল করার বাধ্যবাধকতা আছে। খোঁজ নিয়ে জানা যায়, ‘সংস্কারবাদী’ তকমা মাথায় নিয়ে আগের কাউন্সিলে বাদ পড়া নেতারা এবার দলীয় কার্যনির্বাহী কমিটিতে ফিরে আসার প্রত্যাশা করছেন। পাশাপাশি নতুন অনেকেই কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার চেষ্টা-তদবির করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে কার্যনির্বাহী কমিটির সদস্যাসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হচ্ছে।আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, ৭৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা বাড়াতে হলে দলীয় গঠনতন্ত্র সংশোধন করতে হবে। তবে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধন উপকমিটি কয়েক দফা বৈঠক করলেও এতে কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। জানতে চাইলে এ-সংক্রান্ত উপকমিটির সদস্যসচিব খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না। এমনকি কমিটির সদস্যসংখ্যা বাড়ানোরও সম্ভাবনা নেই। তিনি বলেন, দলের ঘোষণাপত্রে বড় রকমের পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। তাতে গত চার বছরের অর্জন ও আগামী নির্বাচনের প্রতিশ্রুতি থাকবে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে বলা হয়, অনেক প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে পরে স্বতন্ত্র নির্বাচন করেন। যাঁরা দলীয় মনোনয়ন চেয়েও পাননি, তাঁরা যেন স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ না পান এবং স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় মনোনয়ন চাইতে পারবেন না—এমন বিধান করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করে দলটি। দলের এই অবস্থান গঠনতন্ত্রে সংযোজন করার বিষয়ে উপকমিটির বৈঠকে আলোচনা হয়েছিল। পরে বৈঠকে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কারের বিধান দলের গঠনতন্ত্রে আছে। নতুন করে এ বিষয়ে কিছু সংযোজনের প্রয়োজন নেই। তবে নির্বাচন কমিশন চাইলে এ ব্যাপারে আইন করতে পারে। দলের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল উপলক্ষে নীতিনির্ধারকদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন।আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্যসংখ্যা ১৩ জন। সম্প্রতি আখতারুজ্জামান চৌধুরী মারা যাওয়ায় সভাপতিমণ্ডলীর একটি পদ শূন্য আছে। এ পদে চট্টগ্রামের দুই নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও এ বি এম মহীউদ্দিন চৌধুরীর মধ্যে একজনকে দেওয়া হতে পারে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। এ ছাড়া গত কাউন্সিলে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়া মধ্যম সারির নেতারাও এবার পদ পাবেন বলে আশা করছেন। ৩২ সদস্যের সম্পাদকমণ্ডলী, একজন কোষাধ্যক্ষ ও ২৬ জন কেন্দ্রীয় সদস্যের মধ্যে বর্তমানে কোনো পদ ফাঁকা নেই। তবে সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় সদস্য পদে কিছু পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, গত সাড়ে তিন বছরে জেলা-উপজেলাসহ তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ছিল হতাশাজনক। বর্তমান কমিটি ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে এ পর্যন্ত মাত্র দুটি জেলার (বান্দরবান ও রাঙামাটি) কাউন্সিল করতে সমর্থ হয়েছে। আর, ৪৬০টি উপজেলা কমিটির মধ্যে মাত্র ১৫টি কমিটির কাউন্সিল হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের ১৮টি সাংগঠনিক জেলায় সভাপতি অথবা সাধারণ সম্পাদক নেই। চারটি জেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদই খালি। ১০টি জেলায় কাউন্সিল হয় না ১৫ বছর ধরে। এসব কমিটির কাউন্সিল করার কয়েক দফা সময় নির্ধারণ করে দেওয়া হলেও শেষ পর্যন্ত হয়নি।নয় বছর পর ঢাকা মহানগরের কাউন্সিল: ঢাকা মহানগর কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালের ১৮ জুন। নয় বছর পর ২৭ ডিসেম্বর এ কমিটির কাউন্সিল হতে যাচ্ছে। এতে নেতৃত্বে বড় রকমের পরিবর্তন আসতে পারে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এম এ আজিজ, কামরুল ইসলাম, এ কে এম রহমতউল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক প্রমুখের নাম শোনা যাচ্ছে। তবে সভাপতি পদে এম এ আজিজ ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন চৌধুরীর নাম দলের উচ্চপর্যায়ের আলোচনায় এসেছে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হলেও আওয়ামী লীগের মহানগর কমিটিকে বিভক্ত করা হবে কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।