নিয়মতান্ত্রিক আন্দোলন ক্ষতিগ্রস্ত করতে প্রথম আলোর নাম জড়িয়েছে স্বার্থান্বেষী মহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পত্রিকা বন্ধের দাবিতে নয়, ঈমান হেফাজতের জন্যই গত শুক্রবার বাদ জুমা গণমিছিল করা হয়েছে বলে জানিয়েছে ইসলামি ও সমমনা ১২ দল। দলটি ঈমান রক্ষার গণমিছিল সফল হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে। গতকাল শনিবার ইসলামি সমমনা ১২ দলের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস মুছে ফেলা, নারীনীতি অনুমোদন, শিক্ষানীতি বাস্তবায়ন, ফেসবুকে আল্লাহ ও রাসূলকে (সা.) কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশ, কন্যাসন্তানকে সম্পূর্ণ সম্পত্তি দেওয়ার অপচেষ্টা এবং ইসলাম নির্মূলের চক্রান্তকারী, কটূক্তিকারী ও দুশমনদের শাস্তির দাবিতে ইসলামি ও সমমনা ১২ দলের নেতৃত্বে দেশের সর্বস্তরের আলেম-উলামা, পীর-মাশায়েখ, বিভিন্ন পেশাজীবী মহল ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত শুক্রবারের গণমিছিল করা হয়েছে। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল আমাদের দীর্ঘদিনের পরিচালিত ঈমান হেফাজতের নিয়মতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য শুক্রবারের বিশাল গণমিছিলকে ‘দৈনিক প্রথম আলোর ডিক্লারেশন বাতিলের দাবিতে ইসলামি দলগুলোর গণমিছিল’ বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এটা মূলত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্রকারীরা ভুল সংবাদ প্রকাশ করেছে। কোনো কোনো নেতার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। এ রকম ভুল সংবাদ ছেপে মূল আন্দোলনকে যাতে ক্ষতিগ্রস্ত না করা হয়, সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছে সমমনা ১২ দল।বিবৃতিতে বলা হয়, ‘ইসলাম ধ্বংসের জন্য দেশে আজ চতুর্মুখী ষড়যন্ত্রের আয়োজন চলছে, সেদিকে নজর না দিয়ে নির্দিষ্ট কোনো পত্রিকার বিরুদ্ধে আন্দোলন করা নেহায়েত কোনো সুগভীর চক্রান্ত।’সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, মাদ্রাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ যাইনুল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব ও ১২ দলের সদস্যসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী, পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ঈসা শাহেদী, শাহতলির পীর মাওলানা আবুল বাসার, মিরসরাইয়ের পীর মাওলানা আবদুল মোমেন নাছেরী, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশীদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ফরায়েজী আন্দোলনের মহাসচিব আবদুল্লাহ মো. হাসান প্রমুখ বিবৃতিতে সই করেছেন।