সফররত সৌদি মজলিসে শুরার স্পিকার শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ বলেছেন, সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ করেনি বরং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি প্রক্রিয়া অনুসরণ করছে মাত্র। এখন থেকে বাংলাদেশ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সৌদিতে জনশক্তি রপ্তানি করতে পারবে।স্পিকার আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশে আট দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সৌদি স্পিকার এসব কথা বলেন। খবর বাসসের।সৌদি স্পিকার তাঁর দেশের মজলিসে শুরার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলটি আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। স্পিকার আবদুল হামিদ বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান।সৌদি স্পিকার সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সৌদি কূটনীতিক খালাফ আল আলী হত্যাকারীদের চিহ্নিত করে তাঁদের বিচার করায় তাঁর সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন।প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বহু পুরোনো ও ঐতিহাসিক। সৌদি আরবকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটির মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে আরও বাড়ছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।স্পিকার বলেন, সৌদি আরবে দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ চিকিৎসক, প্রকৌশলী ও সেবিকা এবং বহু পেশার লাখ লাখ বাংলাদেশি কাজ করছেন। তিনি এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল বুসাইরি, সৌদি-বাংলা সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন, মো. সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।