বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ওয়ালটনের সৌজন্যে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট ঘুরে দাঁড়াও বাংলাদেশ। সরাসরি গানের এই অনুষ্ঠানে আজ গান করবেন রন্টি দাস ও কশোর। উপস্থাপনা করেছেন চৈতি। কথা হলো রন্টি দাসের সঙ্গে।আপনি এর আগেও সরাসরি এ ধরনের গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন?এর আগে সরাসরি গানের দুটি অনুষ্ঠানে আমি গান করেছি। একটি এনটিভিতে, অন্যটি দেশ টিভিতে। আজ আমার তৃতীয় অনুষ্ঠান। সব কটিই যুগল শিল্পীর অনুষ্ঠান। এবার গান করবে কিশোর। আমি সাধারণত সব ধরনের গানই করি। আজও তেমনি কিছু করব—লোকগান, আধুনিক, নজরুলসংগীত। পুরো অনুষ্ঠানটির সময় ঘণ্টা তিনেক। অনেক গান করার সুযোগ থাকে। আমার অ্যালবামগুলো থেকেও কিছু গান থাকবে।আপনার অ্যালবামের খবর বলুন।আমি ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলাম। এরপর ২০০৯ সালে আমার প্রথম একক অ্যালবাম আসে। নাম আনমনা মন। এ ছাড়া কয়েকটি মিশ্র অ্যালবামেও গান করেছি। এই যেমন—হ্যালো বৃষ্টি, অ্যালবামের ‘হ্যালো বৃষ্টি’ গানটি কিন্তু খুব জনপ্রিয় হয়েছে। গত রোজার ঈদে শফিক তুহিন ডটকম অ্যালবামে শফিক তুহিনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছি ‘দেখো আমারই খুশিতে’ গানটি। এটিও খুব জনপ্রিয়। আমার দ্বিতীয় একক অ্যালবাম আসবে এ বছরই। ওটার কাজ শুরু করেছি।আপনি তো প্লেব্যাকও করেন। ওটার খবর কী?‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার পরের বছরই আমি দেবাশীষ বিশ্বাস পরিচালিত শুভবিবাহ ছবিতে প্রথম প্লেব্যাক করি। এরপর অবশ্য আরও অনেক ছবিতে গান করেছি। এই যেমন খোঁজ—দ্য সার্চ, সাহেব নামের গোলাম, দ্য স্পিড। আরও কয়েকটি ছবিতে গান করেছি, কিন্তু ওগুলোর নাম চূড়ান্ত হয়নি।গত কোরবানির ঈদে টিভিতে আপনার অভিনীত একটি নাটক দেখেছি।হ্যাঁ, গানের মাস্টার। বাংলাভিশনে প্রচারিত হয়েছিল। ওখানে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করেছিলাম। এর আগেও অনেকেই আমাকে অভিনয়ের কথা বলেছিলেন। আমি তো গানের মানুষ, নিয়মিত অভিনয় করার ইচ্ছা নেই। মাঝেমধ্যে শখের বশে হয়তো করব।