নিয়মিত ট্রানজিট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মাশুলেই নিয়মিত ট্রানজিট শুরু হলো। আনুষ্ঠানিকভাবে ট্রানজিট পণ্য ভারতের ত্রিপুরায় গেছে। নৌ-প্রটোকলের সুবিধা নিয়ে নিয়মিত ট্রানজিটের প্রথম চালানের ১৬০ টন লোহাজাতীয় পণ্য গতকাল বুধবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা গেছে। এসব পণ্য ভারতের উত্তরা-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ইস্পাত কোম্পানির। আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত নৌপথে, আর আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কপথে —এই বহুমাত্রিক পরিবহনব্যবস্থায় ট্রানজিট দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিটসুবিধা দেওয়ায় এতে কোনো মাশুল আরোপ করতে পারেনি শুল্ক বিভাগ। পরীক্ষামূলক চালানের সব পণ্য আগরতলা যাওয়ার আগেই শুরু হলো নিয়মিত ট্রানজিট। এই রুটটি পরীক্ষা করতে দুটি পরীক্ষামূলক চালান আগরতলা যাওয়ার কথা। পরে রুটটির অবস্থা বিশ্লেষণ করে নিয়মিত ট্রানজিট শুরুর বিষয়টি চূড়ান্ত করার কথা। এখনো পরীক্ষামূলক চালানের ৪৬৬ টন লোহাজাতীয় পণ্য আখাউড়া স্থলবন্দরে পড়ে আছে। গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষামূলক চালান আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দরে নেওয়া শুরু হয়। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশুগঞ্জ নৌবন্দরে কোনো স্থায়ী অবকাঠামো নেই। আশুগঞ্জ-আখাউড়া সড়কপথের অবস্থাও বেহাল। অবকাঠামোহীন নৌবন্দর আর ভারী যান চলাচলে অনুপযোগী সড়কে বিনা মাশুলে নিয়মিত ট্রানজিট শুরু করার সমালোচনা করেছেন সরকার গঠিত ট্রানজিটসংক্রান্ত কোর কমিটির সদস্যরা। ট্রানজিটসংক্রান্ত সরকার গঠিত কোর কমিটির সদস্য রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নৌ-প্রটোকল সংশোধনের সময় মাশুল আরোপ না করা সরকারের একটি বড় ভুল। ফলে এখন বিনা পয়সায় ভারত ট্রানজিট নিচ্ছে—এতে আমাদের খারাপ লাগছে।’ তিনি আরও বলেন, বিনা মাশুলে ট্রানজিট দেওয়ার বিষয়টি আটকানো যেত। সরকার বলতে পারত, এখনো পর্যাপ্ত অবকাঠামো নেই। তাই এ মুহূর্তে ট্রানজিট পণ্য আনা-নেওয়া সম্ভব নয়। আশুগঞ্জ কনটেইনার বন্দর তৈরির জন্য ভারত ঋণ দেওয়ার কথা। সেই ঋণ দেওয়ার প্রক্রিয়াও আটকে আছে দিল্লিতে। একই কোর কমিটির আরেক সদস্য ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ট্রানজিটের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হতে পারে। কিন্তু সেখানে কোনো ন্যূনতম অবকাঠামো নেই। এ ছাড়া আশুগঞ্জ নৌবন্দর থেকে ট্রানশিপমেন্ট (স্থানান্তর করে) সীমান্ত পর্যন্ত পণ্য নিয়ে যাওয়ার সড়কটির বেহাল দশা। এসব অবকাঠামো উন্নয়ন করতে কী পরিমাণ বিনিয়োগ লাগবে, কোন ধরনের মাশুল নেওয়া হবে—এসব প্রস্তুতিমূলক কাজ করে নিয়ে ট্রানজিটব্যবস্থা নিয়মিত করা যেত বলে তিনি মনে করেন। ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোকে পূর্ণাঙ্গ ট্রানজিট দিতে গত ডিসেম্বর মাসে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করেছিল। সেই কমিটি রুট চিহ্নিতকরণ, মাশুল আরোপ, অবকাঠামো নির্মাণে বিনিয়োগের পরিমাণ উল্লেখ করে একটি প্রতিবেদনও সরকারের কাছে জমা দিয়েছিল। প্রতিবেদনে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় আগামী তিন বছরের আগে ট্রানজিট না দেওয়ার সুপারিশ করা হয়েছিল। ট্যারিফ কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কোর কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আর তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। প্রতিবেদন তৈরির পর ট্যারিফ কমিশনকে আর কোনো নতুন কাজ দেয়নি সরকার। এদিকে গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ট্রানজিটের জন্য একটি আদেশ জারি করে। সেই আদেশে বলা হয়েছে, পরীক্ষামূলক চালানের কোনো মাশুল কিংবা ব্যাংক গ্যারান্টি দিতে হবে না। তবে নিয়মিত চালানের জন্য ব্যাংক গ্যারান্টি দিতে হবে। গতকাল আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাওয়া নিয়মিত চালানের জন্য ২৬ লাখ পাঁচ ১২৮ টাকা ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। যেভাবে গেল নিয়মিত চালান: আমাদের আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, বাংলাদেশি নয়টি ট্রাকে করে প্রথম চালানের প্রায় ১৬০ টন লোহাজাতীয় পণ্য আগরতলায় গেছে গেছে। এ জন্য বাংলাদেশ শুল্ক বিভাগকে কোনো মাশুল দিতে হয়নি। বাংলাদেশি ট্রাকে করেই আগরতলা স্থলবন্দরের ইয়ার্ডে পৌঁছে দেওয়া হয়েছে। তবে স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও অবস্থান মাশুল এবং ক্লিয়ারিং-ফরওয়ার্ডিং এজেন্টের আয়কর নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই চালান আগরতলায় যাওয়ার কথা ছিল। কাগজপত্রের জটিলতায় তা পিছিয়ে যায়। সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ থেকে নীলকণ্ঠ নামের একটি বাংলাদেশি জাহাজ ৬২১ টন লোহাজাতীয় পণ্য নিয়ে খুলনার শেখবাড়িয়া নৌ-শুল্কবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকে। ওই বন্দরে পণ্য শুল্কের সমপরিমাণ ২৬ লাখ পাঁচ হাজার ১২৮ টাকা ব্যাংক গ্যারান্টি নেওয়া হয়। পরে এই পণ্য আসে আশুগঞ্জ নৌবন্দরে। ১২ অক্টোবর আশুগঞ্জ বন্দর থেকে পণ্য খালাস করে সড়কপথে আখাউড়া স্থলবন্দরে শুরু হয়। শুল্কায়ন-প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানীয় প্রীতম এন্টারপ্রাইজ নামের একটি ক্লিয়ারিং-ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট নিয়োগ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, স্বাভাবিক পণ্য রপ্তানির মতোই ট্রানজিটের এই পণ্যের বিল অব এক্সপোর্ট তৈরি করা হয়। এ জন্য তাঁর প্রতিষ্ঠানকে আয়কর বাবদ প্রায় ১৪ হাজার টাকা দিতে হয়েছে।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রানজিটের পণ্য নিয়ে বন্দর ইয়ার্ডে নয়টি ট্রাক প্রবেশ ও অবস্থানের জন্য প্রায় পাঁচ হাজার ৭২ টাকা ফি আদায় করেছে। আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা সুবাশ চন্দ্র কুণ্ডু প্রথম আলোকে বলেন, পণ্যগুলোর এক বা একাধিক অংশ বাংলাদেশে হারানো বা নষ্ট হলে বা বিক্রি হলে, ব্যাংক গ্যারান্টি থেকে ওই পণ্যের সমপরিমাণ টাকা কেটে রাখা হবে। আর ঠিকমতো ত্রিপুরায় গেলে এবং ছাড়পত্র দেওয়া হলে এই টাকা ফেরত দেওয়া হবে।