নিয়মিত প্রভা
নাটকে নিয়মিত হচ্ছেন ছোটপর্দার আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্প অবলম্বনে ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ নাটকের অভিনয়ের মধ্য দিয়ে নিয়মিত হওয়ার কথা জানান দিলেন তিনি। এর আগে গত ২৭ মার্চ কায়সার আহমেদ পরিচালিত ‘প্রণয়িনী’ নামে একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দুই বছর পর নাটকে ফেরেন প্রভা। এ প্রসঙ্গে তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসায় আবারও আমি নিয়মিত অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটা সত্যিই আমার জন্য অনেক আনন্দের।’নাটকটি সম্পর্কে প্রভা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় পাওয়া। চেষ্টা করেছি কাদম্বিনী নামের চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার।’ পরিচালক শামীম শাহেদ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি করা বেশ কঠিন। তাই আমরা জীবিত ও মৃত গল্পের একটা সমসাময়িক একটা ভার্সন তৈরি করেছি। তবে সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া ও ছায়া রেখেই। আশা করি সবার ভালো লাগবে।’ প্রভা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন নাঈম, লাজুক, মুকুল, সাবাহ, ফিরোজ খান প্রমুখ। জানা গেছে, ২০ এপ্রিল বেলা তিনটায় চ্যানেল আইয়ে দেখানো হবে নাটকটি।