নিয়মিত বৈঠকের জন্য সম্মানী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার-সংক্রান্ত বৈঠককে অতিরিক্ত পরিশ্রম হিসেবে দেখছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি। আর তাই এ কাজের গুরুত্ব ও পরিমাণ বিবেচনা করে কমিটির সদস্যদের সম্মানী দেওয়া হচ্ছে।কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী, সহসভাপতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ মোট ১২ জন প্রতি বৈঠকের জন্য সম্মানী পাচ্ছেন। প্রতিটি সভায় অংশ নেওয়ার জন্য সভাপতি ও সহসভাপতি পাচ্ছেন দুই হাজার টাকা করে। অন্য সদস্যরা প্রতিবছর পাবেন এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা।প্রসঙ্গত, মহাজোট সরকার গঠনের পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি করা হয়।এ ধরনের বৈঠকে সম্মানী দেওয়ার বিধান আছে কি না, জানতে চাইলে অর্থসচিব মোহাম্মদ তারেক সম্প্রতি বলেন, অতিরিক্ত বা কায়িক শ্রমের জন্য অর্থাৎ বাসায় বসে বা অফিস সময়ের পরে যদি কোনো পরামর্শক অনেক বড় (৫০০ বা এক হাজার পাতার নথিপত্র নিয়ে) কাজ করেন, তাহলে এ ধরনের কাজের জন্য সম্মানী দেওয়া যায়। কিন্তু যেগুলো রুটিন কাজ, যেমন অর্থনৈতিক-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক, ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক, সচিব কমিটির বৈঠকসহ এ ধরনের নিয়মিত বৈঠকের জন্য কোনো সম্মানী দেওয়ার নিয়ম নেই।সূত্র জানায়, রাজনৈতিক মামলা-সংক্রান্ত কমিটির বৈঠক অফিস চলাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেলা ১১টার দিকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। প্রতিমন্ত্রী, সচিবসহ অন্যান্য কর্মকর্তার প্রতিদিনের কর্মসূচিতে এ বৈঠকের বিষয়টি উল্লেখ থাকে। বৈঠকে আলোচনা করে মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়। এ পর্যন্ত কমিটির ২৩টি বৈঠক হয়েছে।স্বরাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যপ্রণালী বিধিতেও স্পষ্ট বলা আছে, অনুসন্ধান, পরিসংখ্যান, তদন্ত বা মন্ত্রণালয়ের প্রয়োজনে যেকোনো বৈঠক করা মন্ত্রণালয়ের কাজের মধ্যে পড়ে। সুতরাং এসব বৈঠকের জন্য কোনো সম্মানী দেওয়ার প্রশ্ন আসে না।এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তারা যদি অফিস সময়ের পর কোনো কাজ করেন, তাহলে এ ধরনের সম্মানী পেতে পারেন, অন্যথায় নয়। সাবেক সচিব বলেন, রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ-সংক্রান্ত বৈঠকটি যেহেতু রুটিন বৈঠক এবং অফিস চলাকালেই অনুষ্ঠিত হয়, সেহেতু এ বৈঠকে যোগ দেওয়ার কারণে প্রতিমন্ত্রী, সচিব বা অন্য কোনো সরকারি কর্মকর্তার বাড়তি সুবিধা বা সম্মানী নেওয়া ঠিক নয়।জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বৈঠকের জন্য ওই কমিটির সভাপতি, সহসভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর জন্য পাঁচ লাখ ৫৯ হাজার ৫৯০ টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিজস্ব বাজেট থেকে এ সম্মানী দেওয়ার কথা জানিয়েছে। এর আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে অতিরিক্ত এ কাজের জন্য সম্মানী চাওয়া হয়। সে সময় আইন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ মোট ১২ জনকে প্রতি বৈঠকে ২৩ হাজার ৫০০ টাকা সম্মানী দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।