নিয়মিত ব্যায়ামে মৃত্যু ঝুঁকি কমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনে ১৫ মিনিটের ব্যায়াম তিন বছর আয়ু বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে মৃত্যু ঝুঁকি কমাতে পারে ১৪ শতাংশ। তাইওয়ানে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে। তাইওয়ানের জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট ও চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের যৌথ উদ্যোগে এ গবেষণাটি করা হয়েছে। চার লাখেরও বেশি মানুষের ওপর পরিচালিত এ গবেষণার ফলাফলে দেখা গেছে, দিনে ১৫ মিনিট বা সপ্তাহে ৯০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যে কারও জীবনে তিন বছরের আয়ু যুক্ত করতে পারে।এ ছাড়া অস্ট্রেলিয়ার পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অনেক সময় ধরে বসে টেলিভিশন দেখার ফলে আয়ু কমে যায়। কারণ যাঁরা বসে বসে টিভি দেখেন, তাঁরা শরীর চর্চা কম করেন।