নিয়মিত মজুরি পর্যালোচনার বিধান নতুন শ্রমনীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে নিয়মিত মজুরি পর্যালোচনা, নারী ও পুরুষের সমান মজুরি, শ্রমিকের স্বাস্থ্যসেবা, ট্রেড ইউনিয়ন গঠন, বিরোধ নিষ্পত্তির সুযোগ, শিশুশ্রম নিরসন এবং অভিবাসী শ্রমিকের স্বার্থ সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জাতীয় শ্রমনীতি, ২০১০-এর খসড়া চূড়ান্ত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।নীতিতে দেশের সব কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার বিষয়টিও রয়েছে।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। তাই যথাযথ কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করে সরকার এই নীতি বাস্তবায়ন করবে। নীতির আলোকে শ্রম আইনের প্রয়োজনীয় সংশোধনেরও উদ্যোগ নেওয়া হবে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৭২ সালে দেশে সর্বপ্রথম শ্রমনীতি প্রণীত হয়। ১৯৮০ সালে করা হয় আরেকটি শ্রমনীতি। এরপর ৩০ বছরে আর কোনো শ্রমনীতি হয়নি। তাই শ্রমিকের বৃহত্তর স্বার্থ রক্ষায় এই নীতির খসড়া করেছে সরকার। শ্রমিক প্রতিনিধি, মালিক সবার সঙ্গে কথা বলেই এটি হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। যেকোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো মতামত, মন্তব্য ও পরামর্শ থাকলে ২৫ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অথবা লিখিতভাবে তা দেওয়া যাবে।শ্রমনীতির খসড়া প্রসঙ্গে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, নীতিমালায় অনেক কিছুই থাকে, যেগুলো পরে বাস্তবায়ন করা হয় না। এটিই মূল সমস্যা। নীতিটির খসড়া পড়ে সরকারকে তাঁরা এ ব্যাপারে মত দেবেন।কর্মসংস্থান: নীতিমালায় বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের সব কর্মক্ষম মানুষের কাজের ব্যবস্থা করা। এ জন্য সরকার বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেবে। এ ছাড়া চাকরিপ্রার্থী ও চাকরির তথ্য সংরক্ষণ, নিয়মিত প্রচার, শিক্ষানবিশির সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন পেশার সনদের মাধ্যমে কাজের সুযোগগুলো চিহ্নিত করে সে অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই নীতিতে। এ ছাড়া শুধু শহর নয়, গ্রামীণ এলাকায়ও শিল্প প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়া হবে।ন্যায্য মজুরি: শ্রমিকদের মজুরি নিয়ে ক্ষোভ-আন্দোলন নিয়মিত বিষয়। খসড়া নীতিতে তাই শ্রমিকদের জীবনমান ও উন্নয়ন নিশ্চিত করতে ন্যায্য মজুরি নিশ্চিত করার কথা বলা আছে। পাশাপাশি দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে নিয়মিত মজুরি পর্যালোচনা, নারী-পুরুষ ও জনগোষ্ঠীর মধ্যে মজুরির সমতা নিশ্চিত এবং প্রতিষ্ঠানের লভ্যাংশে শ্রমিকের অংশগ্রহণের কথাও বলা আছে এই নীতিতে।স্বাস্থ্য: শ্রমিকদের স্বাস্থ্য বরাবরই একটি উপেক্ষিত বিষয়। খসড়া নীতিমালায় বলা হয়েছে, সরকার প্রতিটি শিল্পকারখানায় শ্রমিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। যেখানে শ্রমিক বেশি, সেখানে সরকারি হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয় করা হবে। যেসব শিল্পাঞ্চলে শ্রমকল্যাণ কেন্দ্র নেই, সেখানে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবাসহ নতুন শ্রমকল্যাণ কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া নারীর মাতৃত্বকালীন চিকিৎসাসেবা ও শিশু পরিচর্যার ব্যবস্থার কথাও আছে।সামাজিক নিরাপত্তা: খসড়া নীতিতে সরকারি-বেসরকারি সব শ্রমিক-কর্মচারীর জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অবসরকালীন ভাতা নিশ্চিত করতে আইনের সংস্কার ও বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় আহত বা কেউ অসুস্থ হয়ে কর্মহীন হলে তাঁকে ক্ষতিপূরণ দিতে আইন যুগোপযোগী করার কথা বলা আছে।ট্রেড ইউনিয়ন, দরকষাকষি ও সংলাপ: খসড়া নীতিতে প্রতিনিধিত্বশীল ট্রেড ইউনিয়ন চর্চায় বাধাগুলো দূর করার কথা বলা হয়েছে। এ ছাড়া সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখতে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সংলাপ, যৌথ আলোচনা, আপস-মীমাংসা এবং আদালতের বাইরে সমস্যা সমাধানের জন্য ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’র প্রচেষ্টাকে উৎসাহিত করার কথাও আছে এতে।অভিবাসী শ্রমিক: আন্তর্জাতিক অভিবাসনকে নিরাপদ ও গতিশীল করার জন্য শ্রম অভিবাসনসংক্রান্ত নীতি ও আইন যুগোপযোগী করার পাশাপাশি বিদেশে নতুন নতুন শ্রমবাজার খোঁজার কথা আছে এতে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমন্বিত পদক্ষেপ এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর নিয়ন্ত্রণ বিধিমালা পূর্ণ বাস্তবায়ন করার কথা আছে খসড়ায়। এ ছাড়া প্রতারিত অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় ও আইনি সহায়তার ক্ষেত্রে সরকার উদ্যোগী হবে বলে নীতিমালায় বলা হয়েছে।