নিয়াজের অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের ওপ্রান্তে দিব্যেন্দু বড়ুয়া। গভীর মনোযোগে চাল নিয়ে মগ্ন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। এপাশে চাল দিয়ে একটু হাঁটাহাঁটি করতে গেলেন নিয়াজ মোরশেদ। কিছুক্ষণ পরই নিয়াজ হ্যান্ডশেক করলেন দিব্যেন্দুর সঙ্গে। ম্যাচ ড্র। তারপর বেশ কিছুক্ষণ কার কোথায় ভুল ছিল, সেই বিশ্লেষণ।পাশের টেবিলেও ততক্ষণে ম্যাচ শেষ। দিল্লির ১৪ বছরের কিশোর সাহাজ গ্রোভার পরাজয় মেনে অভিনন্দন জানাল তার চেয়ে বয়সে অনেক বড় উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইউলদাশেভ সাইদালিকে। গ্রোভারকে দেখিয়ে দাবার আন্তর্জাতিক বিচারক হারুনুর রশিদ বললেন, ‘চিনেছেন তো ওকে। কয়েক বছর আগে ঢাকায় প্রথম খেলতে এসেছিল। একেবারে পিচ্চি। ৬-৭ বছর হবে। তখনই মনে পড়ল পত্রিকায় ছাপা হওয়া একটা ছবির কথা। টেবিলের ওপর দাঁড়িয়ে খেলছে এক “শিশু”! সেই ছেলে এখন আন্তর্জাতিক মাস্টার, একটা জিএম নর্মও নাকি করে ফেলেছে।’সাহাজ গ্রোভারের এই এগিয়ে যাওয়ার পেছনে একজনের আছে অগ্রণী ভূমিকা—নিয়াজ মোরশেদ। দিল্লির ধনাঢ্য পরিবারের এই ছেলেকে কোচিং করান বাংলাদেশে তো বটেই উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। শুধু গ্রোভার নয়, ভারতে নিয়াজের ছাত্রছাত্রীর সংখ্যা ৫-৭ জন।নিয়াজের এই কোচিং জীবনটা কেমন, কতটা উপভোগ করছেন—এসব জানতেই বৃহস্পতিবার উত্তরা ক্লাবে হাজির হওয়া। সেখানেই চলছে নিয়াজের সিক্স সিজন দাবার দ্বিতীয়টি। মাত্রই কক্সবাজারে মেয়েদের টুর্নামেন্ট শেষ হতেই ঢাকায় এটি শুরু করে ভীষণ ব্যস্ত তিনি। একদিকে খেলছেন, অন্যদিকে নিজেই আয়োজক।কথা বলার সময় বের করলেন মধ্যাহ্নভোজের টেবিলে। একটু আগে যাঁর সঙ্গে ড্র করেছেন সেই দিব্যেন্দু বড়ুয়াও সঙ্গে। টেবিলের ওপ্রান্তে ১০-১২ বছরের দুই কিশোর। নিয়াজ মোরশেদের ছেলে। বিবাহবিচ্ছেদের পর মায়ের সঙ্গে ছেলেরা কানাডায় থাকে। এখন বেড়াতে এসেছে দেশে। কখনো ছেলেদের এটা-ওটা শুনছেন। কখনো দিব্যেন্দুর সঙ্গে কথা হচ্ছে। ফোন আসছে। এই নিয়াজ শুধুই তো দাবাড়ু নিয়াজ নন। কোচ-সংগঠক নিয়াজও। যাঁর ছাত্রী কিরন মনিষা কক্সবাজারের টুর্নামেন্টটিতেই মহিলা গ্র্যান্ডমাস্টার নর্ম করেছেন। গোয়ার ইভানা নামের তাঁর যে ছাত্রীটি আছে, সে অনূর্ধ্ব-১০ বিশ্ব চ্যাম্পিয়ন! গুজরাটে আছে এক ছাত্রী।‘গুজরাটের ওদের সঙ্গে খুব ক্লোজ আমি। ওদের বাসায় গেলে মজা হয়। ওখানেই থাকি। ওদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছি। বাড়ির কবুতর থেকে শুরু করে সবাই আমাকে ফিল করে। আমি চলে আসার পর ওদের নাকি আর ভালো লাগে না’—বলছিলেন নিয়াজ।প্রথাগতভাবে শুধুই বাড়িতে গিয়ে পড়ানো শিক্ষক নন। সুবিধা অনুয়ায়ী কখনো বাড়িতে, কখনো হোটেলে ক্লাস করান। ‘এটা নির্ভর করে কার সঙ্গে সম্পর্ক কেমন। কখনো টুর্নামেন্টে যাই, নিজে খেলি। কোচিংটাও হয়ে যায়। বাড়িতেও যাই... এভাবেই চলছে’—সরল বিশ্লেষণ তাঁর।ছাত্রছাত্রীদের সঙ্গে যিনি নিজের সম্পর্কটাকে ‘বন্ধুর মতো’ মনে করেন, ‘ওরা স্যার ডাকে। তবে আমি খুব ফ্রেন্ডলি। ভালো সম্পর্ক আছে সবার সঙ্গে।’জানালেন, ঘুরে ঘুরে কোচিং করান। গড়ে ৫-৬ ঘণ্টা করে। ‘ছাত্রছাত্রী অনুযায়ী সময় দিতে হয়। গ্রোভার অনেক শক্ত প্লেয়ার। তার সঙ্গে কাজ করতে গেলে একরকম, গোয়ার ইভানার সঙ্গে আরেক রকম। ও খুব ছোট তো’...শিক্ষক নিয়াজের উপলব্ধি। দিল্লির ছেলেটির পেছনে অনেক টাকা খরচ করছে তার চামড়া ব্যবসায়ী ধনাঢ্য বাবা। আর মা-ছেলেকে নিয়ে দেশ থেকে দেশে যান টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিতে। এবার নিয়ে ঢাকায় আসা তৃতীয়বার। ছেলের খেলা দেখতে দেখতে নিয়াজের কথা বললেন তিনি, ‘নিয়াজ অনেক সহযোগিতা করেছেন আমাদের। খুব ভালো একজন শিক্ষক তিনি।’এই ভালো ‘শিক্ষক’ই কি না বলছেন কোচিং তাঁর কাছে একঘেয়ে লাগছে! ‘কোচিংটা একটু বোরিং লাগে আমার কাছে। অনেক সময় কাটাতে হয়।’ বলতে বলতেই জানিয়ে দিলেন, ‘অর্গানাইজ করতেই বেশি ভালো লাগে। দাবার সঙ্গে জড়িত থাকতে হলে কোচিং আর অর্গানাইজিং করতে হয়। তবে সাংগঠনিক ব্যাপারটাই বেশি উপভোগ করছি আমি।’১৯৮৭ সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। ‘এখন তো আর খেলার বয়স নেই। একটা সময় পর তো স্বয়ং কাসপারভও খেলা বন্ধ করে দিয়েছে। মানসিক অবসাদ চলে আসে। ভাবার ক্ষমতা কমে যায়।’ তার পরই পাশেই বসা দিব্যেন্দুকে দেখিয়ে বললেন, ‘ও-ও তাই। খেলে, অর্গানাইজ করে। ওর ওখানে একাডেমি আছে।’ ভারতের বাইরে এখনো অন্য কোথাও কোচিং করাননি। মালয়েশিয়ায় কথা চলছে। কিন্তু আবারও তাঁর মুখে শোনা যায়, ‘সাংগঠনিক দিকটাতেই আমার বেশি আগ্রহ। এ কারণেই সিক্স সিজন শুরু করলাম। এপ্র্রিলের শেষ দিকে একটা আইএম টুর্নামেন্ট করব। ওটাই আমাদের দেশে বেশি দরকার। প্রথমটা জিএম করলাম, কারণ এটা নজরে পড়বে বেশি। তবে স্কুল টুর্নামেন্ট করতে হবে। ওটাই হচ্ছে মূল ভিত্তি।’সেই ভিত্তি শক্ত করতে কাজ করবেন দেশের দাবা নিয়ে। পাশাপাশি চলবে খেলা, কোচিংও। সামনে খেলতে যাবেন কলম্বো, এরপর ব্যাংকক। দিল্লি চেস অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ সূত্রে সেখানে একটা কর্মশালায়ও যোগ দেওয়ার কর্মসূচি আছে। দেশে-বিদেশে দাবা নিয়েই এখন তাঁর সময় কাটে। বেশ কয়েক বছর আগে অল্প কিছু দিন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। মাঝখানে রিয়াল এস্টেট ব্যবসা করতেন, সেই পাট চুকিয়ে এখন আবার তিনি পুরোদস্তুর দাবা-দুনিয়ার বাসিন্দা।কিন্তু একি পরিকল্পনার কথা শোনালেন নিয়াজ! ‘কানাডায় আমার ইমিগ্রেশন আছে। বছর তিনেক ধরে আমি সিঙ্গেল। তবে ছেলেরা যেহেতু কানাডায় থাকে, আমি চাই ওদের সঙ্গে যোগ দিতে। শেষ পর্যন্ত ওখানেই হয়তো থিতু হব।’ অবশ্য এও জানালেন, ‘এখনই নয়। দাবার সঙ্গে আছি। আপাতত থাকতে চাই।’নিয়াজকে দাবায়ই দেখতে চায় সবাই। তিনি যে বাংলাদেশের দাবার অলংকার!