নিয়ামুলকে অঙ্গহানি ঘটনার মূল হোতা ওমর ফারুক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তি ও যৌনকর্মে বাধ্য করার অভিযোগে ওমর ফারুক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি কামরাঙ্গীরচরের সুলতানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল শুক্রবার ভোরে র্যাবের অভিযানে রাজধানীর কেরানীগঞ্জের খোলামুড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক কামরাঙ্গীরচর এলাকা থেকে বিভিন্ন নারীকে ধরে এনে যৌনকর্মে বাধ্য করা, সহযোগীদের মাধ্যমে ছিনতাই, শিশুদের অঙ্গহানিসহ বিভিন্ন অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। র্যাব জানায়, নাজমা নামে তাঁর এক আত্মীয়ের সহযোগিতায় নারীদের দেহব্যবসায় বাধ্য করতেন ওই আসামি। তা ছাড়া সহযোগী খোকন, ইউসুফ, জাহাঙ্গীর, সোহেল, কোরবান, সাদ্দাম ও রাসেল নামের কয়েকজন সহযোগীর মাধ্যমে ছিনতাই কার্যক্রম চালানোর কথা স্বীকার করেছেন তিনি। র্যাব নাজমা ও অন্য সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান শুরুর কথা জানিয়েছে। র্যাব জানায়, শিশুদের অপহরণের পর তাদের শারীরিক গঠনই পাল্টে দিত ওমর ফারুক ও তাঁর সহযোগীরা। সুস্থ ও স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুদের ভিক্ষাবৃত্তির জন্য বানানো হতো বিকলাঙ্গ। এরপর ওই শিশুদেরই ভাড়া দেওয়া হতো ভিক্ষাবৃত্তিতে। অসহায় নারীদের পেশিশক্তির মাধ্যমে তুলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। দীর্ঘদিন ধরে খোদ রাজধানীতেই এ ধরনের জঘন্য কাজ চালিয়ে আসছিলেন ওই আসামি। স্থানীয় পুলিশ প্রশাসন তাঁর এসব অপকর্মের কথা জানলেও প্রভাব-প্রতিপত্তির কারণে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তারের পর গতকাল বিকেলেই উত্তরার র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ওমর ফারুককে হাজির করা হয় গণমাধ্যম কর্মীদের সামনে। এ সময় তিনি তাঁর নানা অপকর্মের কথা স্বীকার করেন। তিনি জানান, নাজমার মাধ্যমেই তিনি মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করাতেন। অপকর্ম ঢাকতে থানা পুলিশও ম্যানেজ করতেন তিনি। ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডর সোহায়েল সাংবাদিকদের জানান, গত ৬ সেপ্টেম্বর কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ থেকে সাত বছরের শিশু নিয়ামুলকে ওমর ফারুকের সহযোগী শরীফুল ইসলাম ওরফে কোরবান, রমজান ও সাদ্দাম নির্মমভাবে ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ, গলা এবং বুক কেটে তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় আদালতে মামলা হলে কয়েকটি মানবাধিকার সংগঠন আসামিদের গ্রেপ্তারের দাবিতে সক্রিয় হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এ চক্রের হোতাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর উত্তরা এলাকা থেকে ওমর ফারুকের অন্যতম সহযোগী শরীফুল ইসলাম ওরফে কোরবানকে গ্রেপ্তার করে র্যাব। কামরাঙ্গীরচরের স্থানীয় সূত্র জানায়, ওমর ফারুক সরকারি দলের পরিচয় ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। এত দিন কামরাঙ্গীরচর থানার পুলিশ ছিল নির্বিকার। নিয়ামুলের মামলায় পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার না করে বরং নিয়ামুলের পরিবারকেই হেনস্তা করেছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সক্রিয় হয়।