নিয়োগ কমিটির পাঁচ সদস্যের মধ্যে একজনের সই ছাড়াই ২৬৫ জনকে রেলওয়ের নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ নিয়ে তাই প্রশ্ন উঠেছে। নিয়োগের তালিকায় সই করেননি রেলওয়ে পূর্বাঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী। রেলওয়ে সূত্র জানায়, গত ১ এপ্রিল ২৬৫ জনের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়। এর আগে পত্রিকায় ৪৫২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে শূন্যপদ ছিল ২৬৫টি। বিতর্ক ওঠার আগেই শূন্য পদের বেশি জনবল নিয়োগ করা হয়নি। সূত্র জানায়, নিরাপত্তারক্ষী নিয়োগ কমিটির প্রধান হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কমান্ড্যান্ট মো. ফারুক আহমেদ। বাকি চার সদস্য হলেন নির্বাহী প্রকৌশলী (সদর) মো. রমজান আলী, বিভাগীয় পার্সোনেল কর্মকর্তা আশরাফ হোসেন, পূর্বাঞ্চলের টিসিই ময়নূল ইসলাম ও উপপ্রধান পরিচালন কর্মকর্তা (পশ্চিমাঞ্চল) এমদাদুল হক। নিরাপত্তারক্ষী নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করে নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘শারীরিকভাবে সক্ষম এবং অপেক্ষাকৃত চৌকস প্রার্থীদের বাদ দিয়ে দুর্বল প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। তাই নিয়োগ তালিকায় সই করিনি। কারণ, কোনো এক সময়ে এই নিয়োগ নিয়ে তদন্ত হলে কেউ না কেউ দোষী হবেন। অন্যায় না করে আমি কেন অনিয়মের দায় নেব?’ রমজান আলী আরও বলেন, ‘আমি মনে করি, এই নিয়োগে টাকার লেনদেন হতে পারে। তদন্ত করলে আসল তথ্য বেরিয়ে আসবে।’অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তারক্ষী নিয়োগ কমিটির প্রধান ও রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কমান্ড্যান্ট মো. ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রমজান আলী নিয়োগ কমিটির চারজনের মতামত উপেক্ষা করে ৯০ জনের একটি তালিকা ধরিয়ে দেন। বলেন, এই ৯০ জন যোগ্য ব্যক্তি। তাঁদের নিয়োগের ব্যবস্থা না করলে টেব্যুলেশন শিটে সই দেবেন না।’ফারুক আহমেদ আরও বলেন, ‘আমরা বলেছি, এটা পাঁচজনের নিয়োগ কমিটি। সবার নম্বর গড় করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। রমজান সাহেবের নম্বরও আমরা গ্রহণ করে গড় করেছি। সেটাও রমজান সাহেব মানতে রাজি হননি। তাই তাঁর সই ছাড়া আমরা ২৬৫ জনকে নিয়োগ দিয়েছি।’