নিয়োগ চলছে কৃষি ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিনির্ভর বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যে কয়টি আর্থিক প্রতিষ্ঠান সহায়তা দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক অন্যতম। কৃষি ব্যাংক একমাত্র রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। এটি রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া সারা দেশে প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কৃষকদের ঋণ সহায়তা দেয়। এখন এই প্রতিষ্ঠানে এসেছে কাজ করার সুযোগ। সম্প্রতি পত্রপত্রিকায় বাংলাদেশ কৃষি ব্যাংকের তিনটি ভিন্ন পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে অনেকে আবেদনও করেছেন। অনেকে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। যেসব পদে নিয়োগ চলছেপ্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিদর্শক (সুপারভাইজার) পদে ৩৫৮ জন, কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) পদে ১৬৯ এবং ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ১৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, ‘দেশের কৃষি খাতের জন্য বিশেষায়িত এই ব্যাংকের এখন রয়েছে ৯৫২টি শাখা। আর সরকার অনুমোদিত পদ হচ্ছে ১৩ হাজার ৬৮০টি। এর বিপরীতে কৃষি ব্যাংকে কাজ করতেন প্রায় সাড়ে নয় হাজার কর্মকর্তা-কর্মচরী। এই হিসাবমতে বর্তমানে কৃষি ব্যাংকে শূন্য পদের সংখ্যা প্রায় চার হাজার। বিভিন্ন শ্রেণীর শূন্য পদগুলোতে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। শিগগিরই আরও কিছু মাঠপর্যায়ের জনবল নিয়োগ আমরা শুরু করব।’পরিদর্শকের কাজবাংলাদেশ কৃষি ব্যাংকের মাঠপর্যায়ের কর্মকর্তা হচ্ছেন পরিদর্শকেরা। তাঁদের তদন্ত কর্মকর্তাও (ইনভেস্টিগেশন অফিসার বা আইও) বলা হয়। তাই যাঁদের এ পদে নিয়োগ দেওয়া হবে, তাঁদের কর্মস্থল হবে দেশের ইউনিয়ন পর্যায়ে কৃষি ব্যাংকের শাখাগুলোতে। কৃষকদের ঋণ প্রস্তাব যাচাই-বাছাই করা, ঋণ প্রদানে সহায়তা দেওয়া এবং বড় প্রকল্প যাচাই-বাছাই করে মাঠপর্যায়ে ঋণের আবেদনকারী কৃষককে ঋণদানে সুপারিশ করার দায়িত্ব পালন করেন পরিদর্শকেরা। সময়মতো ঋণের টাকা ফেরত আনার দায়িত্ব থাকে তাঁদের ওপর। কোষাধ্যক্ষকে ঋণের টাকা আদান-প্রদানসংক্রান্ত কাজ এবং এ-সংক্রান্ত যাবতীয় রেকর্ড নথিভুক্ত করতে হয়। আর ডেটা এন্ট্রি অপারেটরকে ব্যাংকের যাবতীয় তথ্য-উপাত্ত কম্পিউটারে রাখতে হয়। আবেদনের যোগ্যতাপরিদর্শক ও কোষাধ্যক্ষ পদের জন্য আগ্রহী প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডেটা এন্ট্রি কন্ট্রোলার পদের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে। তবে কোনো পদের ক্ষেত্রেই শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করা হবে না।আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। জীবনবৃত্তান্ত, গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সব সনদ, চার কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদ এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ দরখাস্ত উপমহাব্যবস্থাপক, কর্মী ব্যবস্থাপনা বিভাগ-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, জিপিও বক্স-৬৯৭, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে। মনে রাখতে হবে, আবেদন করার শেষ তারিখ ২৬ এপ্রিল ২০১০। দরখাস্ত শুধু ডাকযোগেই পৌঁছাতে হবে। আবেদনের যোগ্যতা, আবেদন-প্রক্রিয়া, জীবনবৃত্তান্ত তৈরির ছক, প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে অথবা www.krishibank.org.bd ঠিকানায় পাওয়া যাবে।নিয়োগ-প্রক্রিয়াবাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগ-প্রক্রিয়া লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। জয়নাল আবেদীন জানান, আবেদনকারীদের আবেদন প্রাথমিক বাছাই করে লিখিত পরীক্ষার জন্য তালিকা তৈরি করা হয়। আর লিখিত পরীক্ষার আয়োজন, প্রশ্নপত্র তৈরি ইত্যাদি কাজের দায়িত্ব স্বীকৃত বা গ্রহণযোগ্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি মেধাতালিকা থেকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে ডাকা হয়। সবশেষে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা করে তাঁদের নিয়োগ দেওয়া হয়।লিখিত পরীক্ষাতিনটি পদের জন্যই প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান—চারটি বিষয় থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হবে। প্রতিটি বিষয়ে নম্বর থাকবে ২৫। লিখিত পরীক্ষার সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত হতে পারে। উপপরিচালক এ ব্যাপারে জানান, লিখিত পরীক্ষার সময়ের ব্যাপারটি এখনো চূড়ান্ত হয়নি। বাংলা-২৫: বাংলা অংশে রচনা, ভাবসম্প্রসারণ, পত্রলিখন, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ধরনের প্রশ্ন হতে পারে। এ ছাড়া বাংলা ব্যাকরণের সাধারণ বিষয় যেমন শব্দ, বিপরীত শব্দ, বাক্য, এককথায় প্রকাশ, বাগধারা, সন্ধি ইত্যাদি থেকে প্রশ্ন থাকতে পারে।ইংরেজি-২৫: রচনা, সারমর্ম, পত্রলিখন থাকবে পরীক্ষায়। ইংরেজি গ্রামার, ইংরেজিতে অনুবাদ, বাক্য তৈরি ও শুদ্ধকরণ প্রভৃতি থেকে প্রশ্ন থাকতে পারে।সাধারণ গণিত-২৫: পাটিগণিত ও বীজগণিত উভয় অংশ থেকে প্রশ্ন হতে পারে। প্রশ্ন থাকতে পারে জ্যামিতি থেকেও। পাটিগণিতে ঐকিক, শতকরা হিসাব, লাভ-ক্ষতি, অনুপাত, সরল, বীজগণিতে উৎপাদক, মান নির্ণয়, সরল থেকে প্রশ্ন হতে পারে।সাধারণ জ্ঞান-২৫: সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও কৃষিসংশ্লিষ্ট প্রশ্ন থাকতে পারে। তবে কৃষক ও কৃষিসংশ্লিষ্ট অংশ থেকে প্রশ্ন বেশি হতে পারে। তাই এ বিষয়ে ভালো জানা থাকতে হবে।মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষা হবে কেন্দ্রীয়ভাবে। জয়নাল আবেদীন জানান, মৌখিক পরীক্ষায় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংক থেকে একজন প্রতিনিধি থাকতে পারেন। আর মৌখিক পরীক্ষার বোর্ড তিন থেকে পাঁচ সদস্যের হতে পারে। মৌখিক পরীক্ষার সময় মূল বা সাময়িক সনদ অবশ্যই সঙ্গে নিতে হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর ব্যক্তিগত পরিচয় ও উপস্থাপনা ইত্যাদি জানতে চাওয়া হয়। তবে কৃষিসংশ্লিষ্ট নানা প্রশ্ন করতে পারে বোর্ড আপনাকে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে এবং তাঁদের নিয়োগের জন্য ডাকা হবে।বেতন-ভাতা: পরিদর্শক ও কোষাধ্যক্ষের মূল বেতন হবে পাঁচ হাজার ৫০০ টাকা এবং ডেটা এন্ট্রি অপারেটর পাবেন চার হাজার ৭০০ টাকা। তবে প্রত্যেকে নিয়মানুযায়ী অন্য যাবতীয় আর্থিক ও পদোন্নতি সুবিধা পাবেন।পদোন্নতি: একজন পরিদর্শক পদোন্নতি পেয়ে জুনিয়র কর্মকর্তা, জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রিন্সিপাল কর্মকর্তা, জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা, সহকারী মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক হয়ে উপব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত পদোন্নতি পেতে পারেন। পরিদর্শক হয়ে যোগদান করে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হওয়ারও নজির আছে। কোষাধ্যক্ষ হিসেবে যাঁরা যোগদান করবেন তাঁদের জন্যও পদোন্নতির ব্যবস্থা রয়েছে। পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনার বেতন-ভাতা ও ব্যাংক কর্তৃক প্রদত্ত অন্য সুবিধাবলি বাড়বে।