নিয়োগ চলছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’—এই স্লোগান নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেশের জনগণের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আর এই কাজের জন্য প্রয়োজন বিশাল কর্মীবাহিনীর। তাই এই কার্যক্রমকে আরও সফলভাবে পরিচালনা করতে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সব জেলা থেকে বিভিন্ন পদে চার হাজার ৯৩০ জন কর্মী নিয়োগ করা হবে। এখানে পুরুষ ও নারী উভয়ই কাজ করার সুযোগ পাবেন। তবে প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা, সে জেলাতেই আবেদন করতে হবে এবং তাঁকে সেখানেই কাজ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বিভিন্ন জেলায় ৮ এপ্রিল থেকে শুরু করে প্রায় ১৯ মে পর্যন্ত চলবে বলে জানালেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ কে এম মাহবুবুর রহমান। নিজের এলাকায় থেকে সেবামূলক এবং সরকারি চাকরির সুযোগ নিতে পারেন আপনিও।অধিদপ্তরের উদ্দেশ্য ও কার্যক্রম: এ কে এম মাহবুবুর রহমান বললেন, ১৯৬৫ সালে সরকারি বোর্ডের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রম চালু হয়। শুরুতে এর মূল লক্ষ্য ছিল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা। পরবর্তীকালে ১৯৭৫ সালে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক সেবা দেওয়া নিয়ে কার্যক্রম শুরু হয়। এ অধিদপ্তরের মাধ্যমে একটি পরিবারের সামাজিক, আর্থিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সব দিক বিবেচনা করে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়ে থাকে। বর্তমানে এ অধিদপ্তরে ৫২ হাজার ৩৬৭ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।যেসব পদে নিয়োগ হবে: জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে চারটি ভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। তবে জেলার চাহিদা অনুযায়ী প্রার্থীদের সংখ্যার ভিন্নতা রয়েছে। সারা দেশ থেকে মোট পরিবার পরিকল্পনা সহকারী (সাবেক টিএফপিএ) পদে ৩৬১ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) পদে ১৭৯৯ জন, পরিবারকল্যাণ সহকারী (মহিলা) পদে ২০৫৩ জন ও আয়া পদে ৭১৭ জন নিয়োগ করা হবে।আবেদনের প্রক্রিয়া: পরিবার পরিকল্পনা সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস বা সমমান হতে হবে। পরিবারকল্যাণ সহকারী (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমমান হতে হবে এবং আয়াদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। পরিবার পরিকল্পনা সহকারী ও আয়াদের ক্ষেত্রে জেলার স্থায়ী বাসিন্দা হলেই হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবারকল্যাণ সহকারীদের জেলার উল্লিখিত থানার নির্ধারিত ইউনিয়ন, ওয়ার্ড বা ইউনিটের বাসিন্দা হতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত সব পদের জন্য। মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের ক্ষেত্রে যোগ্যতার ভিন্নতা রয়েছে। নিজের হাতে লেখা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতাসহ এবং অন্য আরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নিয়োগের প্রক্রিয়া: প্রত্যেক জেলায় তিন সদস্যের কমিটির মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি করে একজন সিভিল সার্জন ও অধিদপ্তর থেকে নিয়োজিত একজন উপপরিচালক এ দায়িত্ব পালন করবেন। সব পদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে—জানান এ কে এম মাহবুবুর রহমান। প্রার্থীদের মোট ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্ববের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদানুযায়ী লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। মৌখিক পরীক্ষায় ৫ নম্বর একাডেমিক ফলাফলের জন্য বরাদ্দ থাকবে। বাকি ১৫ নম্বরের বিপরীতে বিষয়ভিত্তিক ও সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে। নিয়োগ পাওয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের এক মাসের প্রশিক্ষণে অংশ নিতে হবে।বেতন-ভাতা: জাতীয় বেতন স্কেল ২০০৯ সাল অনুযায়ী পরিবার পরিকল্পনা সহকারী পদে মূল বেতন ৪৯০০-২৯০*৭-৬৯৩০-ইবি-৩২০*১১-১০৪৫০ টাকা। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৪৭০০-২৬৫*৭-৬৫৫৫-ইবি-২৯০*১১-৯৭৪৫ টাকা। পরিবারকল্যাণ সহকারী পদে ৪৫০০-২৪০*৭-৬১৮০-ইবি-২৬৫*১১-৯০৯৫ টাকা এবং আয়া পদের ক্ষেত্রে ৪১০০-১৯০*৭-৫৪৩০-ইবি-২১০*১১-৭৭৪০ টাকা বেতন প্রাপ্ত হবেন। এখানে রয়েছে নিজের এলাকায় থেকেই কাজ করার সুবিধা। পাশাপাশি এলাকার পরিচিত মানুষজন নিয়েই কাজের ক্ষেত্র। তাই কাজ করা অনেকটাই সহজ। অন্যান্য সরকারি চাকরির মতো এখানেও পদোন্নতির সুযোগ রয়েছে।যে কাজ করতে হয়: পরিবার পরিকল্পনা সহকারী ও আয়া কর্মীরা অফিশিয়াল কাজে নিয়োজিত থাকবেন। তবে পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবারকল্যাণ সহকারী কর্মীদের মাঠপর্যায়ে কাজ করতে হয়। পরিবারকল্যাণ সহকারী কর্মীদের বিভিন্ন দম্পতির বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবার পরিকল্পনার পরামর্শসহ শিশুস্বাস্থ্য ও সার্বিক সহযোগিতা করা এবং খোঁজখবর নেওয়া মূল কাজ। আর তাদের সুপারভাইজার হিসেবে দায়িত্বে থাকেন পরিবার পরিকল্পনা পরিদর্শক। বিস্তারিত জানতে: জেলায় অবস্থিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।