নিয়োগ চলছে পুলিশ কনস্টেবল পদে
‘গহিন জঙ্গল! দুর্গম পথ! যতদূর চোখ যায় কোনো লোকালয় নেই, সর্বত্র সাপ-শিয়ালের আনাগোনা। সেখান থেকে সফল অভিযানের মাধ্যমে ভয়ংকর আসামি গ্রেপ্তার করে নিয়ে আসি। আর সেই মুহূর্তটা যে কত আনন্দেরও গর্বের এবং কতটা আত্মতৃপ্তির, সেই অনুভূতি বলে বোঝানো যায় না।’ দুঃসাহসিক ও রোমাঞ্চকর পেশার কাজে নিয়োজিত পুলিশ বাহিনী। এভাবেই নিজের এক অভিযানের বর্ণনা দিলেন পুলিশে (গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ) কর্মরত জ্যেষ্ঠ কনস্টেবল মো. শরীফুল ইসলাম। তিনি আরও বলেন, ‘একদিকে পরিবারের আর্থিক সংকট, অন্যদিকে এই পেশার মাধ্যমে প্রত্যক্ষভাবে দেশের সেবা করার সুযোগ—এই চিন্তা থেকে ১৯৯৪ সালে পুলিশে যোগ দেই।’ ‘শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’—এই লো বাংলাদেশ পুলিশের মূলনীতি। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এই বাহিনীর সক্রিয় অংশগ্রহণ। তৎকালীন পাকিস্তান সরকারের আনুগত্য অস্বীকার করে হাজার হাজার পুলিশ কর্মকর্তা ও কর্মচারী গণমানুষের কাতারে যোগ দিয়ে দেশের মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য আটজনকে বিভিন্ন খেতাবও উপাধি দেওয়া হয়। দেশের সব শ্রেণীর নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রধান দায়িত্বে নিয়োজিত থাকে পুলিশ বাহিনী। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশ থেকে নিয়োগের জন্য মোট ছয় হাজার প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ৯০০ জন নারী প্রার্থীও সুযোগ পাবেন। ঢাকাসহ বিভিন্ন জেলায় ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাছাইপ্রক্রিয়া চলবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে জননিরাপত্তা ও প্রত্যক্ষভাবে নিতে পারেন দেশসেবার সুযোগ।প্রাথমিক যোগ্যতা: এখানে প্রার্থীর পড়াশোনার পাশাপাশি শারীরিক যোগ্যতাও থাকতে হবে। প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স ১৮ থেকে ২০ বছর। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ প্রার্থী) এবং ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা প্রার্থী)। উচ্চতার সঙ্গে সঙ্গে শারীরিক অন্যান্য যোগ্যতাও থাকতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে যোগ্যতার ভিন্নতা রয়েছে। প্রতিটি জেলার উল্লিখিত স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।নিয়োগপ্রক্রিয়া যেভাবে: বাংলাদেশ পুলিশের এআইজি (আরঅ্যান্ডএম) আতিকুল ইসলাম বলেন, প্রতিটি জেলার জেলা পুলিশ সুপার পুলিশ কনস্টেবল নিয়োগপ্রক্রিয়ার দায়িত্বে নিয়োজিত থাকেন। পুলিশ সুপারের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে উল্লিখিত স্থানে প্রথমে প্রার্থীর শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের একই দিনে ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। সাধারণত এসএসসি সমমানের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। সময় দেড় ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা দিতে হয়। চূড়ান্ত নির্বাচন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশ সুপারের সরবরাহ করা আবেদন ফরম পূরণের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। পুলিশ সদরদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুনরায় বাছাই কমিটি কর্তৃক শারীরিকসহ অন্যান্য যোগ্যতা যাচাইয়ের পর প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। প্রার্থীরা প্রথমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ বা মহিলা) হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণকালে বিনা মূল্যে পোশাকসামগ্রী, থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধাসহ মাসিক ৩০০ টাকা হারে ভাতা পাবেন।চাকরির সুযোগ-সুবিধা: সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী বেতন হবে নয় হাজার ৯৫ টাকা। অন্যান্য সুবিধাসহ থাকবে স্বল্প মূল্যে রেশনব্যবস্থা। প্রচলিত নিয়মানুযায়ী যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে পেতে পারেন পদোন্নতি; বিদেশি মিশনে অংশ নেওয়ার সুযোগ তো রয়েছেই। এআইজি আরও বলেন, একজন পুলিশ কনস্টেবলের পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার পর্যন্ত হওয়ার সুযোগ আছে।পেশার দায়দায়িত্ব: মো. শরীফুল ইসলাম বলেন, ‘যেমন আমি গোয়েন্দা বিভাগে একজন পরিদর্শকের অধীনে কাজ করছি। মূলত তিনি কাজের পরিকল্পনা করেন। আর আমরা সে অনুযায়ী কাজ করে থাকি।’ এ বিষয়ে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে কর্মরত পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘পুলিশ বাহিনীর প্রাথমিক ও মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন একজন পুলিশ কনস্টেবল। পরিকল্পনা আমরা করলেও অভিযানের ক্ষেত্রে একজন কনস্টেবলকেও সমানতালে কাজ করতে হয়। কারণ, আমাদের কাজের ক্ষেত্রটাই এমন, যেখানে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই সফলতা পাওয়া সম্ভব। এ ছাড়া একজন কনস্টেবল প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের নিম্নবিত্ত মানুষের সঙ্গে কাজ করে থাকেন। ফলে এখানে কাজের দায়িত্বটাও অনেক বেশি। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে আসামি গ্রেপ্তার করি।’এ পেশায় ভালো করতে: মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশ ও জনগণের প্রত্যক্ষভাবে সেবা করার সুযোগ রয়েছে এ পেশায়। এখানে ভালো করতে চেষ্টা, সততা ও পরিশ্রম হলো মূল হাতিয়ার। পড়াশোনার পাশাপাশি নিজেকে উন্নত করার মানসিকতা থাকতে হবে। এ ছাড়া আইন সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণে গুরুত্বের সঙ্গে অংশ নেওয়া উচিত। তাহলে নিয়মানুযায়ী পরীক্ষা দিয়ে পদোন্নতির মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।