স্বেচ্ছা-অবসর কর্মসূচির আওতায় ছাঁটাই হওয়া বিমানকর্মীদের অনুমোদিত শূন্যপদের বিপরীতে নিয়োগ দিতে সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশসহ চারটি ধাপে ৯৭ দিন সময় দেওয়া হয়। গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন। এর আগে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদসহ বিমানের চার কর্মকর্তা আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন। আদালত তাঁদের অব্যাহতি দেন।আদালত সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ এক রায়ে হাইকোর্ট বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বেচ্ছা-অবসর কর্মসূচির (ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম—ভিআরএস) নামে ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ৬০৮টি অনুমোদিত শূন্যপদের বিপরীতে নতুন করে নিয়োগ দিতে বলেন। কিন্তু নিয়োগপ্রক্রিয়া শুরু না করে বিমান কর্তৃপক্ষ অধস্তন কর্মীদের ওই সব শূন্যপদের কয়েকটিতে পদোন্নতি দিতে পরীক্ষার উদ্যোগ নেয়। এ জন্য ৫ জুলাই দাপ্তরিক নোটিশ দেওয়া হয়। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুসরণ না করার ভিআরএসে যাওয়া দুই কর্মকর্তা আদালত অবমাননার আবেদন করেন।ওই আবেদনের ওপর শুনানি নিয়ে ৯ জুলাই হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন ও বিমানের এমডিসহ চার কর্মকর্তাকে ২২ জুলাই হাজির হতে নির্দেশ দেন। তাঁরা গতকাল আদালতে হাজির হন। ভিআরএস-যাওয়া কর্মীদের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, চার কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন জমা দেন। তাঁদের অব্যাহতি দিয়ে আদালত বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেন। বিমানের কর্তৃপক্ষের আইনজীবী এ এম আমিনউদ্দিন বলেন, হাইকোর্ট অবমাননার অভিযোগে করা আবেদনটি নিষ্পত্তি করে অনুমোদিত শূন্যপদের বিপরীতে ভিআরএসে যাওয়া আগ্রহী কর্মকর্তাদের নিয়োগ দিতে সময়সীমা বেঁধে দিয়েছেন। ভিআরএস-যাওয়া কর্মীদের আরেক আইনজীবী আমিনুল হক প্রথম আলোকে বলেন, যাঁরা ভিআরএস গ্রহণ করেছেন, তাঁদের শূন্যপদে নিয়োগের জন্য দুটি জাতীয় দৈনিকে (একটি বাংলা ও একটি ইংরেজি) বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সাত দিনের মধ্যে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবদন করার জন্য পরবর্তী ১৫ দিন সময় দিতে হবে। দরখাস্ত পাওয়ার পর ৬০ দিনের মধ্যে তা যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে যোগ্যদের নিয়োগপত্র দিতে বলা হয়। এ হিসাবে ৯৭ দিনের মধ্যে পুরো নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।