শুধু ঋণ বিতরণ নয়, নিয়োগ-পদোন্নতিতেও নিয়মনীতি মানছে না রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দিচ্ছে। এ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও বয়স—কোনো কিছুই মানা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক গত রোববার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ অনিয়মের তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেতে হলে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর ব্যাংকিং কাজে থাকতে হবে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে শীর্ষ পদে পাঁচজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে বেসিক ব্যাংক। যাঁদের ব্যাংকিং কাজেরই অভিজ্ঞতা নেই।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) প্রজ্ঞাপন অনুযায়ী, ‘প্রধান নির্বাহীর নিচে পরবর্তী দুই স্তর ছাড়া সব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি প্রধান নির্বাহীর ওপর ন্যস্ত থাকবে। পরিচালনা পর্ষদ বা পর্ষদের কোনো কমিটির চেয়ারম্যান বা কোনো পরিচালক এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হবেন না বা হস্তক্ষেপ করবেন না।’সে হিসেবে নিয়োগ-পদোন্নতির জন্য মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম। এই অনিয়মের বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি। বাংলাদেশ ব্যাংক তার প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়কে বলেছে, ব্যাংকিং কাজে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মো. রুহুল আলম নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সরাসরি ডিজিএম পদে নিয়োগ দিয়েছে বেসিক ব্যাংক। আবার ওই পদে চাকরি স্থায়ী হওয়ার আগেই নিয়োগের মাত্র সাত মাসের মাথায় তাঁকে জিএম পদে পদোন্নতি দেওয়া হয়। এ পদোন্নতির কারণ হিসেবে পরিচালনা পর্ষদের নথিতে ‘অতিচমৎকার কর্মনৈপুণ্যের জন্য পদোন্নতি দেওয়া হলো’ বলে উল্লেখ করা হয়। মো. রুহুল আলম গতকাল সন্ধ্যায় ফোনে প্রথম আলোকে বলেন, পর্ষদ নিজের এখতিয়ারের মধ্যে থেকেই তাঁকে নিয়োগ দিয়েছে। আর জিএম হিসেবে ব্যাংকে তিনি যে কাজ করছেন, তাতে ব্যাংকিং অভিজ্ঞতা না থাকলেও অসুবিধা নেই। রুহুল আলম আরও বলেন, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বেসিক ব্যাংকে আমানত আরও বাড়ছে। আজও (গতকাল) বড় আমানত এসেছে। মানুষ মনে করছে, প্রথম আলো উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদন করছে। এতে প্রথম আলোর গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে।প্রসঙ্গত, ‘সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি’ ও ‘লোকসানি ব্যাংক বেসিকের ভরসা সরকারি আমানত’ শিরোনামে গত মঙ্গল ও বুধবার প্রথম আলোতে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। ব্যাংকের নিয়মানুযায়ী, ডিজিএম পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। এই বয়সসীমা পার হওয়ার পরও দেবাশীষ কর্মকার নামে একজনকে ডিজিএম পদে নিয়োগ দেওয়া হয়। একইভাবে ব্যাংকিং অভিজ্ঞতা-সংক্রান্ত অপরিহার্য শর্ত পূরণ ছাড়া এবং বয়সের সর্বোচ্চ সীমা ৪৫ পার হওয়ার পরও সেনাবাহিনীর মেজর পদবির আরও দুই সাবেক কর্মকর্তা বি এম কামরুজ্জামান ও এম কামরান হামিদকে ডিজিএম পদে নিয়োগ দেয় বেসিক ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় মাসের ব্যবধানে দুবার পদোন্নতির ঘটনা ঘটেছে একাধিকবার। যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে পদোন্নতি দেওয়ায় দীর্ঘদিন ধরে পদোন্নতি-বঞ্চিত অনেক কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এটিকে বলছে স্বেচ্ছা-অবসর।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে বেসিক ব্যাংকের পর্ষদ অফিস সহকারী পদেও নিয়োগ দিয়েছে। প্রতিটি সভায় এ ধরনের নিয়োগ ও পদোন্নতির অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে এসেছে।বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, ২০০৯ সাল শেষেও এ ব্যাংকটির ৩৪টি শাখা ছিল। ওই সময় কর্মকর্তা-কর্মচারী ছিলেন ৭৫০ জন। চার বছর পর বর্তমানে ব্যাংকটির শাখা বেড়ে দাঁড়িয়েছে ৬৪। জনবল চার গুণ বেড়ে হয়েছে দুই হাজার ৯০০ জন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি) ভেঙে যাওয়ার পর ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় জনবল নিয়োগ দিতে পারে। সে ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দিতে পারে ৩: ১, অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে তিনজন নিয়োগ দিলে বিজ্ঞপ্তি ছাড়া একজন দেওয়া যাবে। কিন্তু বেসিক ব্যাংক নিয়োগ দিয়েছে ৪: ৫। অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে চারজনকে নিয়োগ দিলে বিজ্ঞপ্তি ছাড়া দিয়েছে পাঁচজনকে। মোহাম্মদ নিজামউদ্দিন নামের একজনকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ দেওয়া হয়। এ ধরনের নিয়োগ ও পদোন্নতির ফলে ব্যাংকটির ব্যবস্থাপনায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়। দুই বছর আগেই অনিয়ম চিহ্নিত: ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বিশদ পরিদর্শন প্রতিবেদনে বেসিক ব্যাংকের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়মের কথা তুলে ধরা হয়েছিল। এতে বলা হয়, ব্যাংকটির কর্মকাণ্ডে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ পন্থায় অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন কর্মকর্তা নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি ব্যাংকটির ব্যবস্থাপনাকে সার্বিকভাবে দুর্বল করতে পারে। একই প্রতিবেদনে বিশেষ বিবেচনায় পদোন্নতি, সাত মাসে দুবার পদোন্নতি ইত্যাদি উদারহণ তুলে ধরে ব্যাপক অনিয়মের কথা বলা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেসিক ব্যাংকের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বৈঠকে নিয়োগ-পদোন্নতির অনিয়মগুলোও তুলে ধরা হয়। অর্থমন্ত্রী বৈঠকে বলেন, বেসিক ব্যাংক নিয়ে আলাদা একটি বৈঠক করবেন তিনি। বেসিক ব্যাংকের এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ বিষয়ে কী করা হবে, না-হবে, এখনো তার কোনো সিদ্ধান্ত হয়নি।’