নিয়োগ পরীক্ষা স্থগিত: রাজশাহী রেলভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা নোটিশে নিয়োগ পরীক্ষা স্থগিত করায় বাংলাদেশ রেলওয়ের অফিস সহকারী পদের পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রেলভবন ঘেরাও করেন। পরে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।পরীক্ষার্থীদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত করায় বিপাকে পড়েছেন তাঁরা। প্রতিবাদ জানাতে গিয়ে তাঁরা উল্টো লাঞ্ছনার শিকার হয়েছেন। এ নিয়ে রেলওয়ের জনবল নিয়োগ পরীক্ষা দিতে এসে দুই দফা বিক্ষোভ করলেন পরীক্ষার্থীরা।রেলওয়ের একটি সূত্র জানায়, ২০০৯ সালে একই পদে একবার লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র না থাকায় রেলওয়ে কর্তৃপক্ষ এ নিয়োগটি বাতিল করেন। এ বছরের গোড়ার দিকে মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়ে কর্তৃপক্ষ আবার এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এতে ৪৬০ জন অফিস সহকারী পদের বিপরীতে অন্তত চার হাজার আবেদনকারী দরখাস্ত করেন। আজ রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালের কৃতকার্যরা হাইকোর্ট ডিভিশনে একটি রিট আবেদন করেন। গত মাসের প্রথম দিকে হাইকোর্ট ডিভিশন চার মাসের জন্য এ নিয়োগের ওপরে স্থগিতাদেশ দেন। অভিযোগ রয়েছে বিষয়টি রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পশ্চিম) গোলাম কিবরিয়া বিষয়টি গোপন রেখেছিলেন।পরীক্ষার সূচি অনুযায়ী আজ বেলা ১১টা থেকে রেলওয়ের পশ্চিম অঞ্চলের পরীক্ষার্থীরা রাজশাহীতে পরীক্ষা দিতে আসেন। প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে জমায়েত হলেও পরীক্ষা গ্রহণের জন্য কেউ উপস্থিত হননি। পরে তাঁরা জানতে পারেন কোনো নোটিশ ছাড়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়। পরে পরীক্ষার্থীরা রেলভবনের সামনে গিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে রাজশাহী (পশ্চিমাঞ্চল) রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে তিন শতাধিক প্রার্থী একইভাবে বিক্ষোভ করেন। এ ব্যাপারে কথা বলার জন্য প্রধান সংস্থাপন কর্মকর্তা গোলাম কিবরিয়ার মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।