নিয়োগ পরীক্ষার প্রশ্নের গোপনীয়তার দায়িত্ব মন্ত্রণালয়ে রাখার সুপারিশ
ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি ও এর গোপনীয়তা রক্ষার দায়-দায়িত্ব মন্ত্রণালয়ের কাছে রাখার পরামর্শ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সম্প্রতি খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে কমিটি এ পরামর্শ দিয়েছে। বৈঠকে খাদ্য অধিদফতরের সহকারী উপপরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ঢাকা ও কুড়িগ্রামে ১০ জনকে আটকসংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। এ ছাড়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে আটার মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে গম ও আটার সরবরাহ বাড়ানো এবং ঢাকাসহ জেলা পর্যায়ে সরকারিভাবে আটা বিক্রির পরিমাণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। গমের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বর্তমানে কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আতিউর রহমান, সালেহা মোশাররফ, জাফর আলী ও আকরাম হোসেন চৌধুরী অংশ নেন।