নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ভাঙচুর
স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীরা আজ শনিবার দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ভাঙচুর চালিয়েছেন। বেলা ১১টায় পরীক্ষার ফলাফল প্রকাশ হলে শতাধিক ক্ষুব্ধ পরীক্ষার্থী ভাঙচুর চালান। তাঁরা পরীক্ষায় দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ করেন। উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থী সোহেল রানা প্রথম আলোকে জানায়, মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ কমিটির লোকজন ফলাফল প্রকাশ করেছেন এবং এতে স্বজনপ্রীতি হয়েছে। এ কারণে ভালো পরীক্ষা দিয়েও তাঁরা উত্তীর্ণ হতে পারেননি। সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি বলে তিনি দাবি করেন। সিভিল সার্জন অফিসে এখন পুলিশ মোতায়েন রয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আকবর হোসেন বলেছেন, পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হয়।